Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

স্বল্প দূরত্বের ফ্লাইটে বিজনেস ক্লাসের নতুন আসন চালু করছে লুফথানসা

ডেস্ক রিপোর্ট | Published: Wednesday, November 18, 2026
স্বল্প দূরত্বের ফ্লাইটে বিজনেস ক্লাসের নতুন আসন চালু করছে লুফথানসা

ছবি- লুফথানসা

স্বল্প ও মাঝারি দূরত্বের ফ্লাইটে নতুন প্রিমিয়াম বিজনেস সিট চালুর উদ্যোগ নিয়েছে জার্মানির বিমান সংস্থা লুফথানসা। ২০২৭ সালের ১ মার্চ থেকে ফ্রাঙ্কফুর্ট-এথেন্স ও নিস-কায়রো রুটে এসব আসনের টিকিট বুকিং করা যাবে।


মঙ্গলবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে লুফথানসা।


নতুন আসনগুলো বিজনেস ক্লাসের প্রথম দুই সারিতে থাকবে। সাধারণত প্রতি সারিতে ছয়টি আসন থাকলেও নতুন ব্যবস্থায় থাকবে মাত্র দুটি আসন। এতে যাত্রীরা বেশি ব্যক্তিগত জায়গা পাবেন।


প্রতিটি আসনে থাকবে হেলানো যায় এমন পিঠের অংশ, পা রাখার আলাদা জায়গা, ভাঁজ করা টেবিল ও অতিরিক্ত জিনিসপত্র রাখার ব্যবস্থা। আসনগুলোর মধ্যবর্তী দূরত্ব হবে প্রায় এক মিটার।


প্রাথমিকভাবে ছয়টি এয়ারবাস এ৩২০সিইও উড়োজাহাজে আটটি করে নতুন আসন বসানো হবে। সংস্কার করা প্রথম উড়োজাহাজটি ২০২৬ সালের ১৬ ডিসেম্বর থেকে বিভিন্ন রুটে চলাচল শুরু করবে। ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে এসব উড়োজাহাজ ফ্রাঙ্কফুর্ট-এথেন্স, নিস ও কায়রো রুটে নিয়মিত চলবে।


লুফথানসা জানিয়েছে, এটি একটি পরীক্ষামূলক উদ্যোগ। স্বল্প ও মাঝারি দূরত্বের ফ্লাইটে বাড়তি আরামের আসনের চাহিদা কেমন এবং যাত্রীরা নতুন বুকিং সুবিধা কীভাবে গ্রহণ করেন, তা যাচাই করা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই সুবিধা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।


বিজনেস ক্লাসের যাত্রীরা টিকিট বুকিংয়ের সময় অথবা পরে আসন সংরক্ষণের মাধ্যমে নতুন আসন বেছে নিতে পারবেন। তবে এসব আসনের জন্য অতিরিক্ত কোনো টাকা নেওয়া হবে কি না, তা জানায়নি সংস্থাটি।


এ ছাড়া উড়োজাহাজগুলোতে স্টারলিংকের প্রযুক্তিতে লুফথানসা গ্রুপের নতুন ওয়াই-ফাই সুবিধাও যুক্ত করা হবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News