যুক্তরাষ্ট্রে ছোট উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, November 22, 2026
সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের জ্যাকসনের হকিন্স ফিল্ড বিমানবন্দরে ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে উড়োজাহাজে থাকা দুই আরোহী নিহত হয়েছেন। ২১ নভেম্বর স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে অ্যাভি-গো এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা জ্যাকসন মিউনিসিপ্যাল এয়ারপোর্ট অথরিটি (জেএমএএ) জানিয়েছে, আগামী ২৩ নভেম্বর সোমবার পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে।
জেএমএএর এক বিবৃতিতে বলা হয়, উড়োজাহাজটিতে দুজন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর বিমানবন্দরের কর্মী ও পুলিশ, জ্যাকসন ফায়ার ডিপার্টমেন্ট এবং আমেরিকান মেডিকেল রেসপন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। উড়োজাহাজটি ম্যাডিসন বিমানবন্দর (ব্রুস ক্যাম্পবেল ফিল্ড) থেকে উড্ডয়ন করেছিল। তবে এর গন্তব্য কোথায় ছিল, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউএলবিটি দুই আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।
ডব্লিউএলবিটির প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরের যে অংশে মিসিসিপি আর্মি ন্যাশনাল গার্ডের কার্যক্রম পরিচালিত হয়, সেখানে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে থাকা ন্যাশনাল গার্ডের দুই মেকানিক অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে তাঁরা কাউকে উদ্ধার করতে পারেননি।
ন্যাশনাল গার্ডের জনসংযোগ পরিচালক মেজর হিদার বেনেট বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ রানওয়েতে রাখতে হবে।
ম্যাডিসন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি তাদের বিমানবন্দর থেকে উড্ডয়ন করলেও সেটির মালিক বা পরিচালনাকারী তারা নয়। এ ছাড়া তাদের ফ্লাইট স্কুলের কোনো শিক্ষার্থী পাইলটও উড়োজাহাজটিতে ছিলেন না।
প্রতিবেদনে বলা হয়, ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য ও যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) নিবন্ধন থেকে উড়োজাহাজটির নিবন্ধনসংক্রান্ত তথ্য পাওয়া গেছে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ, করোনার কার্যালয় কিংবা এফএএ—কেউই উড়োজাহাজটির পরিচয় বা দুই আরোহীর নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
হালকা পিস্টনচালিত উড়োজাহাজের প্রাণঘাতী দুর্ঘটনা তদন্ত করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। এ কাজে এফএএ সহযোগিতা করে। সাধারণত এ ধরনের তদন্ত শেষ করতে ১২ থেকে ২৪ মাস সময় নেয় এনটিএসবি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনাস্থলের ধ্বংসাবশেষ সরানো হয় না। এ কারণে বিমানবন্দরটি কয়েক দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।