৫ ডিসেম্বর থেকে কলম্বো-মালদ্বীপ রুটে ফ্লাইট চালু করছে ভিয়েতজেট
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, November 22, 2026
সংগৃহীত
ভিয়েতনামের স্বল্প খরচের বিমান সংস্থা ভিয়েতজেট আগামী ৫ ডিসেম্বর থেকে শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের মধ্যে ফ্লাইট চালু করতে যাচ্ছে। সপ্তাহে তিন দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। রোববার শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি এফটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার এ রুটে ফ্লাইট চলবে। নতুন এ সেবার ফলে কলম্বো ও মালদ্বীপের মধ্যে যাতায়াতের আরও একটি সুযোগ তৈরি হবে।
শ্রীলঙ্কায় ভিয়েতজেটের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) মাহেন কারিয়াওয়াসান বলেন, নতুন এ ফ্লাইট শ্রীলঙ্কার বিমান চলাচল ও পর্যটন খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর ফলে ভ্রমণ, পর্যটন, বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, মালদ্বীপ একটি গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য। নতুন ফ্লাইটের ফলে যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে আঞ্চলিক প্রবেশদ্বার হিসেবে শ্রীলঙ্কার অবস্থান শক্তিশালী হবে।
মাহেন কারিয়াওয়াসান আরও বলেন, নতুন এ ফ্লাইট পর্যটক ও ব্যবসায়িক যাত্রীদের সুবিধা দেবে। পাশাপাশি শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভিয়েতজেটের অন্যান্য রুটের মধ্যে যোগাযোগ বাড়াবে।
ভিয়েতজেট ভিয়েতনামভিত্তিক একটি বেসরকারি স্বল্প খরচের বিমান সংস্থা। ২০১১ সালে ফ্লাইট পরিচালনা শুরু করে সংস্থাটি। বর্তমানে ভিয়েতনামের অভ্যন্তরীণ রুটের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে তারা। কম ভাড়ায় টিকিট দেওয়ার পাশাপাশি বিভিন্ন অতিরিক্ত সেবার জন্য আলাদা মূল্য নেয় সংস্থাটি।