ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ ৯ মে ঢাকায় পৌঁছাবে
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, May 06, 2026
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংসভাবে নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে সকালে ঢাকায় পৌঁছাবে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা তাঁর ফেসবুকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ‘ইকে-০২২০’ ফ্লাইটে মরদেহ দুবাইয়ের উদ্দেশে রওনা হবে। সেখান থেকে ‘ইকে-০৫৮২’ ফ্লাইটে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে আজ ৬ মে দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশ নেবেন বলে জানা গেছে।
মরদেহ প্রত্যাবাসনের পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করছে মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ও পরামর্শক্রমে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করছে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস।