Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ফুকেটের পাটং সৈকতের কাছে অগ্নিকাণ্ডে নিহত ১১

ডেস্ক রিপোর্ট | Published: Monday, November 16, 2026
ফুকেটের পাটং সৈকতের কাছে অগ্নিকাণ্ডে নিহত ১১

ছবি-সংগৃহীত


থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটের পাটং এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। খবর এএফপি’র। 


সোমবার (স্থানীয় সময়) ভোর সাড়ে ৩টার দিকে পাটংয়ের ফাংমুয়াং সাই কোর সড়কের কয়েকটি দোকানঘরে (শপহাউস) এই আগুন লাগে। তবে হতাহতদের মধ্যে কোনো পর্যটক নেই বলে নিশ্চিত করেছে থাই পুলিশ।


স্থানীয় সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট ও রয়টার্সের তথ্যমতে, ঝড়ের সময় রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে শর্টসার্কিট থেকে বিস্ফোরণ ঘটে। সেই আগুন মোটরসাইকেল ভাড়া দেওয়ার একটি দোকানের সামনে থাকা জ্বালানি তেলের পাম্পে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয়।


দোকানটিতে ভাড়ার জন্য রাখা প্রায় ১০০টি মোটরসাইকেল, পেট্রোল এবং লুব্রিকেন্ট মজুত থাকায় আগুন দ্রুত পাশের ভবনগুলিতে ছড়িয়ে পড়ে। ভবনগুলোর ওপরের তলায় শ্রমিকরা বসবাস করতেন।


ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের মধ্যে থাইল্যান্ড ও মিয়ানমারের নাগরিক রয়েছেন। ফুকেটের গভর্নর চোটেনারিন কের্ডসম জানান, নিহতদের অনেকের সাথেই ব্যাগ ছিল; ধারণা করা হচ্ছে তারা আগুন থেকে বাঁচতে পালানোর চেষ্টা করছিলেন।


এছাড়া ধোঁয়ায় অসুস্থ হয়ে ও ভাঙা কাঁচের আঘাতে আহত ১৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে ১৫ জন থাই এবং একজন মিয়ানমারের নাগরিক।


সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান বিশ্লেষণ করে পুলিশ নাশকতার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।


উল্লেখ্য, জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। গত জুলাইয়ে ব্যাংককের একটি বারে শর্টসার্কিট থেকে লাগা আগুনে বহু মানুষের প্রাণহানির পর ফুকেটের গভর্নর দ্বীপজুড়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছিলেন। এরপরও এমন দুর্ঘটনা পর্যটন এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে আবারও প্রশ্নের মুখে ফেলল।


সূত্র: এএফপি, রয়টার্স ও ব্যাংকক পোস্ট


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News