গোল্ড’স জিমের সঙ্গে নভোএয়ারের এমওইউ
নিজস্ব প্রতিবেদক
| Published: Friday, October 16, 2026
-নভোএয়ার
দুই প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে গোল্ড’স জিম বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স, নভোএয়ার।
নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গোল্ড’স জিমের কার্যালয়ে স্মারকে সই করেন নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ এবং গোল্ড’স জিম বাংলাদেশের হেড অব অপারেশন আনিসুল ইসলাম ববি। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা অনুযায়ী, নভোএয়ারের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’-এর সদস্যরা গোল্ড’স জিমের সদস্যপদ নিলে বিশেষ ছাড় পাবেন। শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করতে তাঁদের জন্য বিশেষ ফিটনেস সুবিধাও থাকবে।
গোল্ড প্যাকেজের আওতায় স্মাইলস সদস্যরা গোল্ড’স জিমের দুটি শাখাই ব্যবহার করতে পারবেন। শাখা দুটি বসুন্ধরা আবাসিক এলাকা ও পান্থপথের বসুন্ধরা সিটিতে।
অন্যদিকে, গোল্ড’স জিম বাংলাদেশের সদস্যরা নভোএয়ারে ভ্রমণের সময় টিকিটের মূল্যে ১০ শতাংশ ছাড় পাবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রীদের বাড়তি সুবিধা দিতে ২০১৩ সালে দেশের এভিয়েশন খাতে প্রথমবারের মতো ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’ চালু করে নভোএয়ার।
দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ অংশীদারত্ব গ্রাহকসেবার পরিধি বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য, সুস্থতা ও উন্নত জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখবে।
নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।