শাহজালাল বিমানবন্দরের লাগেজ বেল্টে ৩২ ক্যামেরা, যাত্রীরা দেখবেন লাইভ
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Saturday, October 17, 2026
আকাশপথে দীর্ঘ ভ্রমণ শেষে লাগেজ বেল্টের সামনে দাঁড়িয়ে নিজের ব্যাগের অপেক্ষায় থাকার অভিজ্ঞতা প্রায় সব যাত্রীরই আছে। কখন ব্যাগ আসবে, সেই দুশ্চিন্তা এবার কমাতে চাইছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ের পুরো প্রক্রিয়া যাত্রীদের সামনেই সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
শনিবার বেবিচক জানিয়েছে, বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় মোট ৩২টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সেই সঙ্গে স্থাপন করা হয়েছে ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর।
কর্তৃপক্ষের ভাষ্য, নতুন এ ব্যবস্থায় উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, নির্ধারিত স্থানে নেওয়া, বাছাই করা এবং শেষ পর্যন্ত বেল্টে পৌঁছানো, পুরো ধাপের দৃশ্য মনিটরে লাইভ দেখতে পাবেন যাত্রীরা। ফলে নিজের লাগেজ এখন কোন পর্যায়ে আছে, তা তাঁরা বুঝতে পারবেন। লাগেজ সংগ্রহের প্রতিটি পর্যায়ে প্রয়োজনীয় তথ্যও যাত্রীদের হাতের কাছে থাকবে।
বেবিচকের মতে, এতে যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি আরও বাড়বে। লাগেজ হ্যান্ডলিংয়ের কাজ এখন থেকে নজরদারির আওতায় থাকায় নিরাপত্তাও জোরদার হবে বলে মনে করছে সংস্থাটি।
বেবিচক জানায়, যাত্রীদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে তারা কাজ করছে। বিশেষ করে প্রবাসীসহ দেশি-বিদেশি সব যাত্রী যেন ভ্রমণ শেষে নির্বিঘ্নে ও নিশ্চিন্তে লাগেজ সংগ্রহ করতে পারেন, সে জন্য প্রযুক্তিনির্ভর ও যাত্রীবান্ধব সেবা সম্প্রসারণের কার্যক্রম চলমান থাকবে।
দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বেবিচক মনে করছে।