ইনানীর রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি: মন্ত্রীর গভীর শোক
জ্যেষ্ঠ প্রতিবেদক
| Published: Saturday, October 17, 2026
-বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শনিবার তিনি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে জরুরি ভিত্তিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।
১৭ অক্টোবর মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় অবস্থিত 'টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়' এই অগ্নিকাণ্ড ঘটে।
মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। নিখোঁজদের সন্ধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে এবং আগুনের প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।
মন্ত্রী বলেন, "এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।"
মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি বিবেচনায় মন্ত্রী ট্যুরিজম বোর্ডকে জরুরি ভিত্তিতে নিচের পদক্ষেপগুলো নিতে বলেছেন:
১. প্রকৃত পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ এবং পর্যটকদের সহায়তায় ঘটনাস্থলে একটি প্রতিনিধি দল পাঠানো।
২. স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পর্যটন খাতের অংশীজনদের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সভা আয়োজন এবং সভার সুপারিশ দ্রুত বাস্তবায়ন।
৩. এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় পর্যটন কেন্দ্রগুলোর কর্মকর্তা-কর্মচারীদের জন্য অগ্নি নিরাপত্তা জোরদার করা এবং জরুরি উদ্ধারবিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেওয়া।
মন্ত্রী অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এ অপূরণীয় ক্ষতি সইবার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান।