হান্টাভাইরাস আক্রান্ত ক্রুজ জাহাজ যাচ্ছে স্পেনে, মৃত ৩
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, May 06, 2026
ছবি: সংগৃহীত
প্রাণঘাতী হান্টাভাইরাসের প্রাদুর্ভাবে আক্রান্ত বিলাসবহুল ক্রুজ জাহাজ এমভি হন্ডিয়াস স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নোঙর করার অনুমতি পেয়েছে। স্পেন সরকারের অনুমতির পর বুধবার জাহাজটি কেপ ভার্দে থেকে ইউরোপের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নেয়।
এপ্রিলের শুরুতে প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত একটি ডাচ দম্পতি ও একজন জার্মান নাগরিকের মৃত্যু হয়েছে। একজন ব্রিটিশ নাগরিককে জাহাজ থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ছাড়া দুজন ক্রু সদস্যের জরুরি চিকিৎসার প্রয়োজন রয়েছে।
২৩টি দেশের প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে জাহাজটি কেপ ভার্দে পৌঁছালেও দেশটি যাত্রীদের তীরে নামার অনুমতি দেয়নি।
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউরোপীয় ইউনিয়নের অনুরোধে এবং আন্তর্জাতিক আইন ও মানবিক দায়িত্বের ভিত্তিতে জাহাজটিকে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গ্রান ক্যানারিয়া বা টেনেরিফে বন্দরে নোঙর করতে জাহাজটির আরও তিন থেকে চার দিন লাগবে।
মানুষ থেকে মানুষে সংক্রমণের শঙ্কা
সাধারণত সংক্রমিত ইঁদুরের মল, মূত্র বা লালার সংস্পর্শে হান্টাভাইরাস ছড়ায়। তবে ডব্লিউএইচও জানিয়েছে, এই জাহাজে অত্যন্ত ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে বিরল মানব-থেকে-মানব সংক্রমণও ঘটে থাকতে পারে।
সংস্থার মহামারি প্রস্তুতি বিভাগের পরিচালক মারিয়া ভ্যান কেরখোভে জানান, একই কেবিনে থাকা ব্যক্তিদের মধ্যে এই সংক্রমণ হয়ে থাকতে পারে। তবে সাধারণ জনগণের জন্য ঝুঁকি এখনো কম বলে সংস্থাটি নিশ্চিত করেছে।
ডব্লিউএইচওর ধারণা, আর্জেন্টিনা ভ্রমণ করে জাহাজে ওঠা ডাচ দম্পতি জাহাজে ওঠার আগেই সংক্রমিত হয়েছিলেন। মার্চ মাসে আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে যাত্রা শুরু করা এই জাহাজে যাত্রীরা পাখি পর্যবেক্ষণের সফরে দ্বীপে গিয়েছিলেন, যেখানে পাখি ও ইঁদুর একসঙ্গে বাস করে — সেখান থেকেও সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স