লিবিয়ায় ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের পাশে রাষ্ট্রদূত
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, September 23, 2026
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ গত ২১ সেপ্টেম্বর লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে দূরবর্তী বীর আল-ঘানাম ডিটেনশন সেন্টার পরিদর্শন করেছেন।
দূতাবাসের দীর্ঘদিনের চেষ্টা ও লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগের ফলে এই প্রথমবারের মতো ত্রিপলী থেকে দূরের এই কেন্দ্রে যাওয়া সম্ভব হয়েছে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দূতাবাস।
পরিদর্শনকালে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের কাউন্সেলর (শ্রম), প্রথম সচিব (শ্রম) এবং লিবিয়ার অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
রাষ্ট্রদূত ডিটেনশন সেন্টারে থাকা বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের আবাসন, খাবার ও স্বাস্থ্যের খোঁজখবর নেন।
কয়েকজন অভিবাসী অসুস্থতার কথা জানালে তিনি তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষের নজরে আনেন এবং চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত চিকিৎসাসেবার ওপর জোর দেন।
দূতাবাসের পক্ষ থেকে তাদের জন্য দেশীয় খাবারের ব্যবস্থাও করা হয়।
মতবিনিময়কালে রাষ্ট্রদূত অভিবাসীদের অবৈধ পথে বিদেশ যাওয়ার ঝুঁকি ও এর খারাপ পরিণতি সম্পর্কে সতর্ক করেন এবং ভবিষ্যতে এমন অনিয়মিত পথ এড়িয়ে চলার আহ্বান জানান।
পরিদর্শনের সময় রাষ্ট্রদূত ডিটেনশন সেন্টার কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে আটক বাংলাদেশিদের আবাসন, খাদ্য, চিকিৎসাসেবা ও সার্বিক কল্যাণ নিয়ে কথা হয়, পাশাপাশি তাদের দ্রুত দেশে ফেরানোর জন্য সহযোগিতা চাওয়া হয়।
দূতাবাস জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিয়মিত পরিদর্শন করে তাদের কল্যাণ ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে কাজ করছে তারা।
ত্রিপলীর তাজুরা এবং বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ইতিমধ্যে প্রত্যাবাসন চলছে। বীর আল-ঘানাম কেন্দ্রে আটকদের ফেরাতেও দূতাবাস লিবিয়ার কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।