হারানো-চুরি হওয়া পাসপোর্ট পুনরায় ইস্যুতে নতুন নিয়ম
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, September 23, 2026
ছবি: সংগৃহীত
হারিয়ে যাওয়া, চুরি হওয়া বা নষ্ট হয়ে যাওয়া পাসপোর্ট পুনরায় ইস্যুর ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। যাচাই-বাছাই জোরদার করে ভ্রমণ নথির অপব্যবহার ঠেকানোই এই নির্দেশনার মূল লক্ষ্য।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগ সোমবার অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরের মাধ্যমে এক পরিপত্র জারি করেছে।
পরিপত্র অনুযায়ী, পাসপোর্ট হারিয়ে গেলে, চুরি হলে বা নষ্ট হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবিলম্বে অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরের নির্ধারিত পদ্ধতিতে বিষয়টি জানাতে হবে। এরপর সংশ্লিষ্ট পাসপোর্টের তথ্য যাচাই করে পুনরায় ইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
পাসপোর্ট হারানো বা চুরি হওয়ার ক্ষেত্রে আবেদনকারীকে নিকটস্থ থানায় জিডি করতে হবে। সংশ্লিষ্ট থানাকে জিডি যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রতিবেদন অভিবাসন ও পাসপোর্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিদেশে অবস্থানরত যেসব ব্যক্তির দেশে ফেরার জন্য ভ্রমণ নথি বা নতুন পাসপোর্ট প্রয়োজন, তাদের ক্ষেত্রেও পরিপত্রে প্রক্রিয়া নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় যাচাইয়ের পরই এসব আবেদন নিষ্পত্তি করা হবে।
কর্তৃপক্ষ আরও নির্দেশ দিয়েছে, হারানো বা চুরি হওয়া পাসপোর্টের তথ্য ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (আইএমএস) অন্তর্ভুক্ত করতে হবে। প্রয়োজনে এই তথ্য ইন্টারপোলকেও জানানো হবে যাতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।
হারানো, চুরি হওয়া ও নষ্ট হওয়া পাসপোর্টের ওপর নজরদারি জোরদার এবং এর অপব্যবহারের ঝুঁকি কমাতেই এই নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। -বাসস