যুক্তরাজ্যের অভিবাসন আইনে বড় পরিবর্তন, কার্যকর অক্টোবর থেকে
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, September 23, 2026
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) গত ৩ সেপ্টেম্বর অভিবাসন বিধিমালায় নতুন পরিবর্তন সংক্রান্ত একটি বিবৃতি (এইচসি ৫৮৪) প্রকাশ করেছে, যা স্কিলড ওয়ার্কার, স্টুডেন্ট, ইইউ সেটেলমেন্ট স্কিম, পারিবারিক ও ব্যক্তিগত জীবন সংক্রান্ত আবেদন, ভিজিটর ভিসাসহ একাধিক ক্যাটাগরিকে প্রভাবিত করবে।
গভ.ইউকে-তে প্রকাশিত ওই বিবৃতি অনুযায়ী, বেশিরভাগ পরিবর্তন কার্যকর হবে আগামী ৮ অক্টোবর থেকে। এছাড়া কিছু পরিবর্তন কার্যকর হবে ২৯ অক্টোবর, ৩০ নভেম্বর ও ৯ ডিসেম্বর থেকে, রুট অনুযায়ী ভিন্ন ভিন্ন সময়ে।
নতুন নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে—
মানব পাচারের শিকার স্কিলড ওয়ার্কারদের সুরক্ষা: ৮ অক্টোবর থেকে যেসব স্কিলড ওয়ার্কার মানব পাচারের শিকার হিসেবে ইতিবাচক সিদ্ধান্ত পেয়েছেন, তারা নির্দিষ্ট শর্তে অন্য নিয়োগকর্তার অধীনে কাজ, স্ব-কর্মসংস্থান বা স্বেচ্ছাসেবামূলক কাজ করতে পারবেন।
শিক্ষার্থীদের জন্য আর্থিক শর্ত বাড়ছে: ৩০ নভেম্বর থেকে লন্ডনে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাসিক ব্যয়ের প্রমাণ দিতে হবে ১ হাজার ৫২৯ পাউন্ডের পরিবর্তে ১ হাজার ৫৭০ পাউন্ড। লন্ডনের বাইরে অধ্যয়নরতদের ক্ষেত্রে এই অঙ্ক ১ হাজার ১৭১ পাউন্ড থেকে বেড়ে হবে ১ হাজার ২০৩ পাউন্ড।
গার্হস্থ্য নির্যাতনের শিকারদের সুরক্ষা সম্প্রসারণ: ৮ অক্টোবর থেকে ১৮ বছর বা তার বেশি বয়সী নির্ভরশীল সন্তানরাও গার্হস্থ্য নির্যাতনের শিকার হিসেবে সেটেলমেন্ট আবেদনের সুযোগ পাবেন, যা এতদিন সীমিত ছিল।
ইইউ সেটেলমেন্ট স্কিমে পরিবর্তন: পরিবারের সদস্যদের আবেদনের সময়সীমা এখন থেকে গণনা হবে যুক্তরাজ্যে তাদের সর্বশেষ প্রবেশের তারিখ থেকে, প্রথম প্রবেশের তারিখ থেকে নয়। এছাড়া ৯ ডিসেম্বর থেকে মেয়াদোত্তীর্ণ বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট (বিআরপি) দিয়ে পরিচয় প্রমাণ আর গ্রহণযোগ্য হবে না; বৈধ পাসপোর্ট বা নির্দিষ্ট নথি লাগবে।
ভিজিটর ভিসার শর্ত শিথিল: ৮ অক্টোবর থেকে প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে নিজ দেশে সমমানের প্রশিক্ষণ না থাকার প্রমাণ দেওয়ার শর্ত তুলে নেওয়া হচ্ছে। এছাড়া কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতা ও মহড়ায় অংশগ্রহণের সুযোগও যুক্ত করা হয়েছে।
ইরাসমাস প্লাস কর্মসূচিতে প্রত্যাবর্তনের প্রস্তুতি: ২০২৫ সালের মে মাসে যুক্তরাজ্য ও ইইউর মধ্যে হওয়া সমঝোতা অনুযায়ী যুক্তরাজ্য ২০২৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের শিক্ষা বিনিময় কর্মসূচি ইরাসমাস প্লাসে যুক্ত হবে। এই লক্ষ্যে ভিজিটর, স্টুডেন্ট ও গভর্নমেন্ট অথরাইজড এক্সচেঞ্জ রুটে প্রয়োজনীয় বিধিমালা যুক্ত করা হচ্ছে ৮ অক্টোবর থেকে।
হোম অফিস জানিয়েছে, কিছু পরিবর্তনের ক্ষেত্রে নির্ধারিত তারিখের আগে আবেদন করলে পুরোনো নিয়মেই আবেদন বিবেচিত হবে (ট্রানজিশনাল প্রটেকশন), তবে স্কিলড ওয়ার্কার, ইইউ সেটেলমেন্ট স্কিম, লং রেসিডেন্সসহ কিছু ক্যাটাগরিতে এই সুবিধা প্রযোজ্য নয়।
ফলে যুক্তরাজ্যে ভিসা বা আবেদন প্রক্রিয়াধীন থাকা বাংলাদেশিদের নিজ নিজ রুট অনুযায়ী নতুন নিয়ম ও কার্যকরের তারিখ যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।
সূত্র: গভ.ইউকে