জাপানগামী ফ্লাইটে তাজা ফল ও মাংস বহন নিষিদ্ধ
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, November 14, 2026
জাপান ভ্রমণে লাগেজের পণ্য নিয়ে সতর্কবার্তা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস । ছবি- সংগৃহীত
জাপানে প্রবেশের ক্ষেত্রে লাগেজে তাজা ফল, মাংস ও মাংসজাতীয় পণ্য বহনে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এসব পণ্য সঙ্গে নিলে বিমানবন্দরে তল্লাশি, জিজ্ঞাসাবাদ এমনকি জরিমানার মুখেও পড়তে পারেন যাত্রীরা। এ পরিস্থিতিতে জাপানগামী যাত্রীদের সতর্ক করে নতুন নির্দেশনা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বার্তায় বলা হয়, জাপানগামী সব ফ্লাইটের যাত্রীদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে নারিতা বিমানবন্দরগামী যাত্রীদের লাগেজে তাজা ফল, মাংস কিংবা মাংসজাতীয় কোনো পণ্য রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানায়, নিষিদ্ধ পণ্য বহন করে জাপানে প্রবেশের চেষ্টা করলে যাত্রীদের অতিরিক্ত তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে। এতে বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ার পাশাপাশি যাত্রা বিলম্বের আশঙ্কাও রয়েছে। এ ছাড়া নিয়ম লঙ্ঘনের দায়ে বড় অঙ্কের জরিমানা ও অন্যান্য আইনি জটিলতায় পড়তে পারেন সংশ্লিষ্ট যাত্রীরা।
এ পরিস্থিতিতে চেক-ইন ও বোর্ডিংয়ের আগে নিজেদের ব্যাগেজ ভালোভাবে পরীক্ষা করার আহ্বান জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এয়ারলাইনসের দেওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।