জেট ফুয়েলের চড়া দামে চাপে এশিয়া-প্যাসিফিকের এয়ারলাইনসগুলো
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, November 14, 2026
জেট ফুয়েলের মূল্যবৃদ্ধিতে বাড়তি ব্যয়ের চাপে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের এয়ারলাইনসগুলো । ছবি- সংগৃহীত
জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় চাপে পড়েছে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের এয়ারলাইনসগুলো। পুরোনো জ্বালানি হেজিং চুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে। এখন বেশি দামে নতুন চুক্তি করবে, নাকি বাজার পরিস্থিতির উন্নতির অপেক্ষা করবে; যে কোনও একটি সিদ্ধান্ত নিতে হচ্ছে এয়ারলাইনসগুলোকে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে স্পট মার্কেটে প্রতি ব্যারেল জেট ফুয়েলের দাম প্রায় ১৪৮ ডলার। অক্টোবরের শেষ দিকে এ দাম প্রায় ১৮০ ডলারে উঠেছিল। তবে ইরান যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারির শেষ দিকে প্রতি ব্যারেল জেট ফুয়েলের দাম ছিল প্রায় ৮৫ ডলার।
এয়ারলাইনসগুলোর পরিচালন ব্যয়ের বড় অংশই এখন জ্বালানি খাতে চলে যাচ্ছে। অ্যাসোসিয়েশন অব এশিয়া প্যাসিফিক এয়ারলাইনসের (এএপিএ) মহাপরিচালক ওং হং বলেন, বর্তমানে এয়ারলাইনসগুলোর পরিচালন ব্যয়ের প্রায় ৩৩ শতাংশ জ্বালানির পেছনে ব্যয় হচ্ছে। গত বছর আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএর হিসাবে এ হার ছিল ২৫ শতাংশ।
ওং হং বলেন, গত ছয় থেকে আট মাসে যেসব এয়ারলাইনসের জ্বালানি হেজিং চুক্তি ছিল, তারা তুলনামূলক সুবিধাজনক অবস্থানে ছিল। তবে এখন নতুন করে বেশি দামে চুক্তি করার বিষয়টি তাদের জন্য কঠিন হয়ে উঠেছে। তার ভাষায়, হেজিং এখন খুব জটিল একটি সিদ্ধান্ত।
গত সপ্তাহে কুয়ালালামপুরে এএপিএর বার্ষিক সম্মেলনে অংশ নেওয়া এয়ারলাইনসগুলোর কর্মকর্তারাও জ্বালানির উচ্চমূল্য কত দিন স্থায়ী হবে, তা নিয়ে একমত হতে পারেননি।
কাজাখস্তানের এয়ার আস্তানার প্রধান নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম ক্যানলিয়েল মনে করেন, জ্বালানির দাম বর্তমান পর্যায়েই স্থিতিশীল হতে পারে। তার ধারণা, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল ৯০ থেকে ১০০ ডলারের মধ্যে থাকবে। এয়ারলাইনসটির প্রথমার্ধের হেজিং চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তবে বর্তমান দামে নতুন চুক্তি করাকে যৌক্তিক মনে করছেন না তিনি।
এয়ার আস্তানা অবশ্য ভবিষ্যতে আবারও হেজিংয়ের আওতায় আসার পরিকল্পনা করছে। সাধারণত কাজাখস্তানের বাইরে থেকে কেনা মোট জ্বালানির প্রায় ৩০ শতাংশ হেজিং করার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
অন্যদিকে জাপান এয়ারলাইনসের (জেএএল) জ্যেষ্ঠ কর্মকর্তা রস লেগেট মনে করেন, জ্বালানির দাম চক্রাকারে ওঠানামা করবে। তার প্রতিষ্ঠান সবচেয়ে খারাপ পরিস্থিতি বিবেচনায় প্রতি ব্যারেল জ্বালানির দাম ১৬০ ডলার ধরে বাজেট করেছে। গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ গড় দামেই জ্বালানি কিনেছে তারা।
জাপানের আরেক এয়ারলাইনস অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) প্রধান নির্বাহী কর্মকর্তা জুইচি হিরাসাওয়া জানান, চলতি অর্থবছরে জ্বালানি খাতে প্রাথমিক পরিকল্পনার চেয়ে ১০ হাজার কোটি ইয়েন বা ৬২৬ মিলিয়ন ডলার বেশি ব্যয় হতে পারে। তবে আগামী মার্চে শেষ হতে যাওয়া অর্থবছরের দ্বিতীয়ার্ধে জ্বালানির বাজার স্থিতিশীল হওয়ার আশা করছেন তিনি।
জ্বালানির বাড়তি ব্যয় সামাল দিতে জাপানের এ দুই এয়ারলাইনস অভ্যন্তরীণ রুটে ব্যবহৃত জ্বালানির ক্ষেত্রেই কেবল হেজিং করে। আন্তর্জাতিক রুটের বাড়তি ব্যয় সামাল দিতে তারা বিমানভাড়া সমন্বয় ও জ্বালানি সারচার্জের ওপর নির্ভর করে।
জাপান এয়ারলাইনস আগামী বছরের এপ্রিল থেকে প্রথমবারের মতো অভ্যন্তরীণ ফ্লাইটে জ্বালানি সারচার্জ চালু করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা রস লেগেট বলেন, সরকারি জ্বালানি ভর্তুকির ওপর অনির্দিষ্টকাল নির্ভর করা সম্ভব নয়। এ কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অল নিপ্পন এয়ারওয়েজও অভ্যন্তরীণ ফ্লাইটে সারচার্জ আরোপের বিষয়টি বিবেচনা করছে। তবে বুলেট ট্রেনের সঙ্গে প্রতিযোগিতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া কঠিন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী।
জ্বালানির দাম বাড়লেও সব ক্ষেত্রে সেই বাড়তি ব্যয় যাত্রীদের কাছ থেকে আদায় করা যাচ্ছে না। ওং হং বলেন, এমন একটি পর্যায় আসবে, যখন যাত্রীরা আর বাড়তি বিমানভাড়া দিতে চাইবেন না। তার দেওয়া তথ্য অনুযায়ী, এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সামগ্রিক যাত্রী প্রবৃদ্ধি ঋণাত্মক ছিল। সেপ্টেম্বরে তা সামান্য ইতিবাচক অবস্থায় আসে। এ পরিস্থিতিতে ফ্লাইটের সংখ্যা বা আসনসংখ্যা কমিয়ে দেওয়ার ঝুঁকিও রয়েছে।
জ্বালানির উচ্চমূল্যের প্রভাব পড়েছে সিঙ্গাপুর এয়ারলাইনসের মুনাফায়ও। বড় অঙ্কের হেজিং চুক্তি থাকার পরও প্রতিষ্ঠানটির জ্বালানি ব্যয় বেড়েছে। সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে তাদের জ্বালানি বিল ৫৬ শতাংশ বেড়ে ৩৯৭ কোটি সিঙ্গাপুর ডলারে দাঁড়িয়েছে। এ সময়ে আয় রেকর্ড পরিমাণ হলেও পরিচালন মুনাফা কমেছে ২৯ শতাংশ।
এ সময়ে হেজিংয়ের আগে প্রতি ব্যারেল জ্বালানির জন্য গড়ে ১৭১ ডলার ব্যয় করেছে প্রতিষ্ঠানটি। আগের বছরের একই সময়ের তুলনায় এ ব্যয় ৮৭ শতাংশ বেশি। তবে হেজিংয়ের মাধ্যমে ৭৩ কোটি ১০ লাখ সিঙ্গাপুর ডলার লাভ হওয়ায় কার্যকরভাবে প্রতি ব্যারেল জ্বালানির দাম দাঁড়িয়েছে ১৪৫ ডলার।
সিঙ্গাপুর এয়ারলাইনসের প্রধান অর্থ কর্মকর্তা জোঅ্যান তান বলেন, হেজিং জ্বালানির দাম বৃদ্ধির ঝুঁকি থেকে কিছুটা সুরক্ষা দেয়। তবে জ্বালানির দাম আগাম অনুমান করা সম্ভব নয়। এ কারণেই প্রতিষ্ঠানটি হেজিং করে থাকে।
প্রসঙ্গত, হেজিং চুক্তি হলো ভবিষ্যতে কোনো পণ্যের দাম বেড়ে যাওয়ার ঝুঁকি কমাতে আগাম নির্দিষ্ট দামে কেনাবেচার চুক্তি। সহজভাবে বললে, একটি বিমান সংস্থা জানে, আগামী তিন মাসে তাদের বিপুল পরিমাণ জেট ফুয়েল লাগবে। কিন্তু ভবিষ্যতে জ্বালানির দাম বাড়তে পারে।
তাই তারা এখনই কোনো সরবরাহকারী বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করল, আগামী তিন মাস নির্দিষ্ট দামে জ্বালানি কিনবে। এখন তিন মাস পর বাজারে জ্বালানির দাম বেড়ে গেলেও চুক্তির শর্ত অনুযায়ী তারা আগের নির্ধারিত দামে জ্বালানি কেনার সুবিধা পাবে। আবার বাজারে দাম কমে গেলে চুক্তির ধরন অনুযায়ী বেশি দামে কেনার বাধ্যবাধকতা বা আর্থিক লোকসানও হতে পারে।