জার্মানির স্টুডেন্ট ভিসা এখন অনলাইনে, পুরোনো অপেক্ষমাণ তালিকা বাতিল
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, November 15, 2026
জার্মানির স্টুডেন্ট ভিসার আবেদনের জন্য দেশটির ফেডারেল ফরেন অফিসের ডিজিটাল কনসুলার সার্ভিসেস পোর্টাল 'আউসল্যান্ডসপোর্টাল' চালু করেছে ঢাকার জার্মান দূতাবাস। একই সঙ্গে আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার অপেক্ষমাণ তালিকা বাতিল করা হয়েছে।
১৫ নভেম্বর, ২০২৬ (রবিবার) ঢাকাস্থ জার্মান দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, জার্মানির স্টুডেন্ট ভিসার জন্য আবেদনে আগ্রহী সবাইকে পোর্টালে নতুন অ্যাকাউন্ট খুলে নতুন করে আবেদন করতে হবে। যাঁরা আগের তালিকায় নিবন্ধন করে অপেক্ষায় ছিলেন, তাঁদের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য। পুরোনো তালিকার নিবন্ধন নতুন ব্যবস্থায় স্থানান্তর করা হবে না, সেগুলো আর বৈধও থাকবে না।
নতুন ব্যবস্থা জার্মানিতে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রিতে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য। দূতাবাসের ভাষ্য, এতে প্রক্রিয়াটি আরও স্বচ্ছ, কার্যকর ও পূর্বানুমেয় হবে।
দূতাবাস জানায়, নতুন প্রক্রিয়ায় আবেদনকারীরা অ্যাপয়েন্টমেন্টের আগে অনলাইনে ফরম পূরণ করে নথিপত্র আপলোড করবেন। দূতাবাসের বাইরের সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস নথিপত্রের প্রাথমিক যাচাই করবে।
সরাসরি উপস্থিত হওয়ার সময় শুধু আঙুলের ছাপসহ বায়োমেট্রিক তথ্য নেওয়া ও চূড়ান্ত যাচাই হবে। এতে সময় কম লাগবে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।
আবেদনকারীরা পোর্টালের ড্যাশবোর্ডে আবেদনের অগ্রগতি সরাসরি দেখতে পারবেন। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন করার সুযোগও থাকবে।
আবেদন করতে হবে digital.diplo.de ঠিকানার পোর্টালে। নথির তালিকা ও বিস্তারিত নির্দেশনা পোর্টাল এবং দূতাবাসের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে দূতাবাস।
পুরোনো পদ্ধতি থেকে নতুন ব্যবস্থায় রূপান্তরের এই সময়ে দীর্ঘদিন ধরে সিরিয়ালের অপেক্ষায় থাকা আবেদনকারীদের কিছু সাময়িক ভোগান্তি পোহাতে হতে পারে বলে মনে করা হচ্ছে।