সিভিল এভিয়েশন একাডেমিতে ১২ সপ্তাহব্যাপী অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ শুরু
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, November 15, 2026
ছবি- বিজ্ঞপ্তি
বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমিতে ১২ সপ্তাহব্যাপী এভিয়েশন ফায়ার ফাইটিং বিষয়ক ‘ক্র্যাশ ফায়ার অ্যান্ড রেসকিউ (সিএফআর) ইনিশিয়াল কোর্স নং-০৬’ শুরু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
এতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিভিন্ন বিমানবন্দরের ফায়ার বিভাগে নবনিয়োগপ্রাপ্ত ১৫ জন এয়ারপোর্ট ফায়ার অপারেটর অংশগ্রহণ করছেন।
সংশ্লিষ্টরা জানান, দেশের বিমানবন্দরগুলোতে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং বিমান দুর্ঘটনাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষ জনবল গড়ে তোলাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। কোর্সের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা অর্জন করবেন।
কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। বক্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার গ্লোবাল এভিয়েশন ইমার্জেন্সি প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বিমান চলাচলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে বেবিচকের চলমান উদ্যোগের অংশ হিসেবে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, আগামী ১২ সপ্তাহে প্রশিক্ষণার্থীরা অগ্নিনির্বাপণ মহড়া, ফায়ার ফাইটিং গাড়ি পরিচালনা এবং অগ্নিনির্বাপণের বিভিন্ন বিষয়ে নিবিড় তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেবিচকের পরিচালক (ফায়ার-চলতি দায়িত্ব) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, আইসিএও-র মানদণ্ড অনুযায়ী বিমানবন্দর পরিচালনা এবং এয়ারপোর্ট ইমার্জেন্সি প্ল্যান বাস্তবায়নে প্রশিক্ষণার্থীরা কার্যকর ভূমিকা পালন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক (এটিএম) মো. মজিবুর রহমান মিয়াজী এবং কোর্স সমন্বয়কারী ও ইন্সট্রাক্টর (ফায়ার) মনিরুল ইসলাম।