Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ভারতের আকাশে ২৫ মিনিট চক্কর দিল চীনা সামরিক বিমান

ডেস্ক রিপোর্ট | Published: Sunday, November 15, 2026
ভারতের আকাশে ২৫ মিনিট চক্কর দিল চীনা সামরিক বিমান

ছবি- সংগৃহীত

ভারতের সিকিমের আকাশসীমায় চীনের একটি সামরিক বিমান অনুপ্রবেশ করে প্রায় ২০ থেকে ২৫ মিনিট অবস্থান করেছে বলে অভিযোগ উঠেছে। গত ১২ নভেম্বর সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে একাধিকবার সতর্কবার্তা দেওয়া হলেও বিমানটি বেশ কিছুক্ষণ ওই এলাকায় উড়েছে বলে জানা গেছে।


ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়ার এক প্রতিবেদনে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় চীনা বিমানটির গতিবিধি শনাক্ত করে ভারতীয় বিমানবাহিনী। এরপর একাধিকবার সতর্কবার্তা দিয়ে বিমানটিকে নিজ ভূখণ্ডে ফিরে যেতে বলা হয়। তবে সতর্কবার্তার পরও সেটি ওই এলাকায় অবস্থান করছিল।


বিমানটির ধরন, সুনির্দিষ্ট গতিপথ কিংবা কখন সেটি ভারতীয় আকাশসীমা ছেড়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে ভারতীয় বিমানবাহিনীর বক্তব্য জানতে যোগাযোগ করেছে আউটলুক ইন্ডিয়া। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।


ঘটনাটি গুরুত্ব পাচ্ছে এর ভৌগোলিক অবস্থানের কারণে। যে এলাকায় চীনা বিমানটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে, সেখান থেকে ভারতের গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর পর্যবেক্ষণ করা সম্ভব।


ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত সরু এই ভূখণ্ডের সবচেয়ে সংকীর্ণ অংশ প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার প্রশস্ত। ‘চিকেনস নেক’ নামে পরিচিত শিলিগুড়ি করিডোর ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের স্থল যোগাযোগের প্রধান সংযোগপথ। এর কাছাকাছি রয়েছে চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশের সীমান্ত।


অন্যদিকে, সিকিমের সঙ্গে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্ত রয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডোকলাম মালভূমিও এই অঞ্চলের কাছাকাছি। ২০১৭ সালে ডোকলামকে কেন্দ্র করে ভারত ও চীনের সেনাদের মধ্যে টানা ৭৩ দিন অচলাবস্থা চলেছিল।


ভারত-চীন সীমান্তে আগেও এমন ঘটনা


ভারত-চীন সীমান্তে চীনা সামরিক বিমানের অস্বাভাবিক তৎপরতার ঘটনা অবশ্য নতুন নয়। ২০২২ সালের জুনে পূর্ব লাদাখে ভারতীয় সেনাদের অবস্থানের কাছাকাছি দিয়ে চীনের একটি সামরিক বিমান উড়ে যায়। ভারতীয় রাডার ও স্থলপর্যায়ের সদস্যরা বিমানটির গতিবিধি শনাক্ত করার পর বিমানবাহিনী প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়। পরে সামরিক যোগাযোগের প্রচলিত চ্যানেলে বিষয়টি চীনকে জানায় ভারত।


এ ছাড়া ২০২০ সালে পূর্ব লাদাখে দুই দেশের সেনাদের মধ্যে উত্তেজনার সময় প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি চীনা সামরিক হেলিকপ্টার উড়তে দেখা যায়। এর জবাবে ওই এলাকায় যুদ্ধবিমান দিয়ে টহল জোরদার করে ভারতীয় বিমানবাহিনী। তবে সে সময় চীনা হেলিকপ্টারগুলো ভারতীয় আকাশসীমা অতিক্রম করেনি বলে জানিয়েছিলেন কর্মকর্তারা।


এর আগে ২০১৭ সালের ১১ অক্টোবর উত্তরাখণ্ডের বারাহোতি এলাকায় চীনের দুটি হেলিকপ্টার ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছিল বলে অভিযোগ ওঠে। একই বছরের জুনে চীনা সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার উত্তরাখণ্ডের চামোলি জেলার আকাশে প্রায় পাঁচ মিনিট অবস্থান করে ফিরে যায়। এর মাত্র তিন মাস পর ডোকলামকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে অচলাবস্থা শুরু হয়।


সিকিমের আকাশে চীনা সামরিক বিমানের সর্বশেষ এই উপস্থিতি ভারত-চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


সূত্র: আউটলুক ইন্ডিয়া।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News