জাতীয় নির্বাচন: পোস্টাল ভোটে ১৩ লাখের বেশি নিবন্ধন, প্রেরণ করা হয়েছে ৫ লাখ ৮১ হাজার ব্যালট
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, January 04, 2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের জন্য এখন পর্যন্ত ১৩ লাখ ৭ হাজার ৯৫ জন ভোটার নিবন্ধন করেছেন।
ইসির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার সকাল ১০টা পর্যন্ত মোট নিবন্ধনকারীর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ২২ হাজার ২৮৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৮০৬ জন।
প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক ২ লাখ ২৩ হাজার ৬০৯ জন নিবন্ধন করেছেন। এছাড়া মালয়েশিয়া থেকে ৭৬ হাজার ৬৬০ জন, কাতার থেকে ৭৩ হাজার ৪৬৮ জন, ওমান থেকে ৫১ হাজার ১৬৩ জন এবং কুয়েত থেকে ৩৩ হাজার ৬০৭ জন নিবন্ধন করেছেন।
এদিকে, শনিবার পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশের প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সৌদি আরবে সর্বাধিক ১ লাখ ৮৭ হাজার ৪৪৩ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট প্রেরণ করা হয়েছে। এছাড়া মালয়েশিয়ায় ৬৬ হাজার ৫৭৭টি এবং কাতারে ৬৪ হাজার ৭০০টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
ভোটার নিবন্ধনের সময়সীমা প্রসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সুবিধা প্রযোজ্য হবে প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য।