কেবিন সংস্কারে এক বিলিয়ন ডলার খরচ করবে ইতিহাদ, বহরে যুক্ত হবে ২০০ উড়োজাহাজ
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, November 18, 2026
ছবি- গালফ নিউজ
পুরোনো উড়োজাহাজের কেবিন সংস্কারে ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ। আগামী বছর থেকে দুই বছর ধরে এই সংস্কারকাজ চলবে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে সংস্থাটির বহরে ২০০টির বেশি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
১৭ নভেম্বর গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইতিহাদের প্রধান পরিচালন ও যাত্রীসেবা কর্মকর্তা ক্যাপ্টেন মাজেদ আল মারজুকি এসব তথ্য জানান।
মাজেদ আল মারজুকি বলেন, ২০২৬ সালের শেষ নাগাদ ইতিহাদের বহরে প্রায় ১৪০টি উড়োজাহাজ থাকবে। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ২০০ ছাড়িয়ে যাবে। এ জন্য প্রতিবছর ১৫ থেকে ২০টি নতুন উড়োজাহাজ যুক্ত করা হবে। চলতি বছরের শেষ দুই মাসে প্রায় ১১টি উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।
নতুন উড়োজাহাজের মধ্যে এয়ারবাস এ৩২১এলআর ও এ৩৫০ রয়েছে। এ ছাড়া গত বছর অর্ডার দেওয়া এ৩৩০ উড়োজাহাজ সরবরাহ শুরু হবে ২০২৭ সালে।
বর্তমানে ইতিহাদ ১০০টির বেশি শহরে ফ্লাইট পরিচালনা করছে। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ১৪০ ছাড়িয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে সংস্থাটির। নতুন গন্তব্য চালুর পাশাপাশি বিভিন্ন রুটে ফ্লাইটের সংখ্যাও বাড়াচ্ছে তারা।
মাজেদ আল মারজুকি জানান, মৌসুমভেদে ব্যাংককে দিনে চার থেকে ছয়টি ফ্লাইট পরিচালনা করে ইতিহাদ। ব্যস্ত সময়ে ফুকেটে দিনে পাঁচটি পর্যন্ত ফ্লাইট থাকে। গত দুই বছরে প্যারিস রুটে দৈনিক ফ্লাইটের সংখ্যা একটি থেকে বাড়িয়ে তিনটি করা হয়েছে। জুরিখ ও লন্ডনেও প্রতিদিন একাধিক ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।
নতুন গন্তব্য হিসেবে ইউরোপের গোথেনবার্গ ও বুখারেস্টে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালে আফ্রিকার ছয়টি গন্তব্যে ফ্লাইট চালু করবে ইতিহাদ। এর মধ্যে রয়েছে হারারে, আক্রা ও লাগোস। চীনের আরও পাঁচটি শহরেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। এসব শহরের মধ্যে শেনজেন, গুয়াংজু, হাংঝৌ ও চেংদু রয়েছে।
আঞ্চলিক সংঘাতের মধ্যেও ইতিহাদের ফ্লাইটে যাত্রীর চাহিদা ভালো রয়েছে বলে জানান মাজেদ আল মারজুকি। তিনি বলেন, উড়োজাহাজের আসন ব্যবহারের গড় হার ৮৮ শতাংশের বেশি। সংস্থাটির কার্যক্রম প্রতিবছর প্রায় ২০ শতাংশ হারে বাড়ছে। এই সম্প্রসারণ সামাল দিতে পাইলট, কেবিন ক্রু ও প্রকৌশলী নিয়োগের পাশাপাশি প্রশিক্ষণেও বিনিয়োগ করছে ইতিহাদ।
গত ২৫ অক্টোবর কানাডার ক্যালগারিতে ফ্লাইট চালু করেছে ইতিহাদ। ক্যালগারিতে ফ্লাইট পরিচালনাকারী প্রথম উপসাগরীয় বিমান সংস্থা তারা। শুরুতে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করা হলেও ২০২৭ সালের শীতকাল থেকে প্রতিদিন ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।
মাজেদ আল মারজুকি বলেন, কানাডায় ইতিহাদের পরবর্তী গন্তব্য হতে পারে মন্ট্রিল। তবে এ ক্ষেত্রে দ্বিপক্ষীয় বিমান চলাচল চুক্তির বিষয়টি গুরুত্বপূর্ণ। ক্যালগারি রুট ব্যবহার করে যাত্রীরা আবুধাবিতে যাত্রাবিরতি দিয়ে ভারত ও উপমহাদেশের বিভিন্ন গন্তব্যে যেতে পারবেন।
উত্তর আমেরিকায় ইতিহাদের অন্যান্য গন্তব্যের মধ্যে রয়েছে টরন্টো, নিউইয়র্ক, শিকাগো, ওয়াশিংটন, বোস্টন, আটলান্টা ও শার্লট।
এ ছাড়া আবুধাবির স্টপওভার কর্মসূচি ও জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের যুক্তরাষ্ট্রের প্রি-ক্লিয়ারেন্স সুবিধার কথাও উল্লেখ করেন মাজেদ আল মারজুকি। এই সুবিধার মাধ্যমে যুক্তরাষ্ট্রগামী যাত্রীরা আবুধাদিতেই অভিবাসনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করতে পারেন। তবে কানাডাগামী ফ্লাইটের যাত্রীরা এই সুবিধা পান না।