Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

কক্সবাজারে ঝাউগাছ কাটার অপপ্রচার: পর্যটন কর্পোরেশনের প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট | Published: Monday, November 16, 2026
কক্সবাজারে ঝাউগাছ কাটার অপপ্রচার: পর্যটন কর্পোরেশনের প্রতিবাদ

লোগো, সংগৃহীত

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’ আয়োজনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহলের ঝাউগাছ কাটা সংক্রান্ত বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। সংস্থাটি জানিয়েছে, কার্নিভাল সফল করতে কোনো ঝাউগাছ কাটা হয়নি; বরং পরিবেশ ও প্রকৃতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এ আয়োজন করা হচ্ছে।


সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটন শিল্পের বিকাশ, স্থানীয় অর্থনীতি গতিশীল করা এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের সহযোগিতায় আগামী ২২ নভেম্বর থেকে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত তিন মাসব্যাপী এই কার্নিভাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।


তবে হোটেল শৈবাল প্রাঙ্গণ ও তৎসংলগ্ন প্রায় ৩৫ একর জায়গায় আয়োজিত এই উৎসবকে বাধাগ্রস্ত করতে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ঝাউগাছ কেটে কার্নিভালের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে’ বলে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে।


অপপ্রচারের বিষয়ে পর্যটন কর্পোরেশনের ৩টি স্পষ্ট ব্যাখ্যা:


১. কার্নিভাল আয়োজনে কোনো ঝাউগাছ কাটা হয়নি: কার্নিভালের ১৫ থেকে ১৬টি বিশেষ জোন সাজানোর ক্ষেত্রে পরিবেশ ও প্রকৃতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। হোটেল শৈবালের নিজস্ব কম্পাউন্ড বা বনাঞ্চলের কোনো ক্ষতি করা হয়নি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কক্সবাজার বিমানবন্দরে বিমান চলাচলের জন্য এয়ার ফানেল রুটে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে কেবল ঝাউগাছের ওপরের অংশ ট্রিম (ছেঁটে ছোট) করেছে, যা বন বিভাগ সংরক্ষিত রেখে ঝাউবনে স্তূপাকারে জমা করে রেখেছে। অথচ একটি মহল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে গাছের ছবি বিকৃত করে অপপ্রচারে লিপ্ত রয়েছে।


২. পুরোনো ও প্রাকৃতিকভাবে উপড়ে পড়া গাছের বিভ্রান্তি: কিছু প্রতিবেদনে যেসব কাটা গাছের গুঁড়ির ছবি দেখিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা অনেক পুরোনো এবং কার্নিভালের কাজের সঙ্গে সম্পৃক্ত নয়। গত বর্ষা মৌসুমে জলোচ্ছ্বাস কিংবা ঘূর্ণিঝড় হামুনের কারণে পূর্বে ক্ষতিগ্রস্ত বা প্রাকৃতিকভাবে উপড়ে পড়া গাছের অংশবিশেষকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে উপস্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কার্নিভালের ওপর দায় চাপানোর চেষ্টা চলছে।


৩. সরকারি বিধিবিধান ও স্বচ্ছতা: পর্যটন কর্পোরেশন আদেশ, ১৯৭২-এর বিধান ও যথাযথ নিয়মকানুন মেনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হোটেল শৈবাল প্রাঙ্গণে এই কার্নিভালের আয়োজন করা হচ্ছে। জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, সংবাদকর্মী ও পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে গত ১৫ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে এর বিস্তারিত জানানো হয়েছে। কক্সবাজারের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টির এই উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতেই একটি কুচক্রী মহল গুজব ছড়াচ্ছে।


বিজ্ঞপ্তিতে কোনো প্রকার অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে গণমাধ্যমকর্মী, পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিকদের সরেজমিনে কার্নিভাল প্রাঙ্গণ পরিদর্শন করে প্রকৃত সত্য যাচাই করার অনুরোধ জানানো হয়েছে। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করেই এই উৎসব সফল করতে তারা বদ্ধপরিকর বলে জানিয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News