ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের নির্বাহী শেফ হলেন মিসরের মোহাম্মদ কাসেম
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, July 02, 2026
ক্রাউন প্লাজা ঢাকা গুলশান তাদের নতুন নির্বাহী শেফ হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিসরীয় রন্ধনবিশেষজ্ঞ শেফ মোহাম্মদ কাসেমকে নিয়োগ দিয়েছে। ১৮ বছরেরও বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে তিনি রাজধানীর এই অভিজাত হোটেলের রন্ধন কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবেন বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে হোটেলটি জানায়, নির্বাহী শেফ হিসেবে মোহাম্মদ কাসেম ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের সব ধরনের রন্ধন কার্যক্রমের নেতৃত্ব দেবেন।
কাসেম এর আগে বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি আতিথেয়তা প্রতিষ্ঠান--আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস, হায়াত, কেম্পিনস্কি ও হিলটনের সঙ্গে কাজ করেছেন। মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে কাজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি ব্যতিক্রমধর্মী ডাইনিং ধারণা তৈরি, দক্ষ রন্ধন দল গড়ে তোলা এবং অতিথিদের জন্য স্মরণীয় খাবারের অভিজ্ঞতা সৃষ্টির জন্য পরিচিতি পেয়েছেন।
মিসরে জন্ম নেওয়া শেফ কাসেম মধ্যপ্রাচ্য, ভূমধ্যসাগরীয়, ইউরোপীয় এবং আন্তর্জাতিক খাবারে বিশেষ দক্ষ। তাঁর কর্মজীবন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত, ওমান ও মিসরের বিভিন্ন বিলাসবহুল হোটেল ও রিসোর্টে বিস্তৃত।
তাঁর উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে ভারতের হায়াত রেজেন্সি দিল্লির সিগনেচার মিডল ইস্টার্ন রেস্টুরেন্ট সিরাহ চালু করা। সেখানে তিনি মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী স্বাদকে বৃহত্তর পরিসরে তুলে ধরে রেস্টুরেন্টটিকে জনপ্রিয় গন্তব্যে পরিণত করতে ভূমিকা রাখেন।
নতুন দায়িত্বে শেফ কাসেম মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের সঙ্গে সমসাময়িক আন্তর্জাতিক স্বাদের সমন্বয়ে অতিথিদের জন্য ব্যতিক্রমধর্মী খাবারের অভিজ্ঞতা তৈরির পরিকল্পনা নিয়েছেন।
নিয়োগ প্রসঙ্গে শেফ মোহাম্মদ কাসেম বলেন, "খাবারের রয়েছে মানুষ, সংস্কৃতি ও স্মৃতিকে একত্রিত করার অসাধারণ ক্ষমতা। ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে আমার আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে এমন কিছু ডাইনিং অভিজ্ঞতা উপহার দিতে চাই, যা অতিথিদের বিস্মিত করবে, অনুপ্রাণিত করবে এবং দীর্ঘদিন মনে থাকবে।"
হোটেল কর্তৃপক্ষের মতে, বিলাসবহুল ডাইনিং, মেনু পরিকল্পনা, রন্ধন উদ্ভাবন এবং দল পরিচালনায় শেফ কাসেমের অভিজ্ঞতা ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের বিশ্বমানের আতিথেয়তা প্রদানের লক্ষ্যকে আরও শক্তিশালী করবে।