লাগোস-ওয়াশিংটন রুটে ইউনাইটেডের সরাসরি ফ্লাইটের পাঁচ বছর পূর্তি
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, November 28, 2026
সংগৃহীত
নাইজেরিয়ার লাগোস থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সরাসরি ফ্লাইট পরিচালনার পাঁচ বছর পূর্ণ করেছে ইউনাইটেড এয়ারলাইনস। ২০২১ সালে চালু হওয়া এই ফ্লাইটে এ পর্যন্ত ৩ লাখ ৫০ হাজারের বেশি যাত্রী ও ৬ হাজার ৫০০ টন পণ্য পরিবহন করেছে বিমান সংস্থাটি।
ইউনাইটেড এয়ারলাইনস জানিয়েছে, নাইজেরিয়া থেকে ওয়াশিংটন ডিসিতে সরাসরি ফ্লাইট পরিচালনাকারী একমাত্র বিমান সংস্থা তারা। লাগোস থেকে যুক্তরাষ্ট্রগামী একমাত্র রাতের ফ্লাইটও এটি। ফলে নাইজেরিয়ার যাত্রীরা রাতে যাত্রা করে ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন গন্তব্যে দিনের বেলায় সংযোগ ফ্লাইট নিতে পারছেন।
২০২১ সালে চালুর পর থেকে এই রুটে দেড় হাজারের বেশি ফ্লাইট পরিচালনা করেছে ইউনাইটেড। পাঁচ বছর পূর্তি উপলক্ষে সংস্থাটির আফ্রিকা ও অফলাইন বিক্রয় বিভাগের প্রধান অমিত বাদিয়ানি বলেন, লাগোস ও ওয়াশিংটন ডিসির মধ্যে সরাসরি ফ্লাইট চালু রাখা তাদের জন্য গর্বের বিষয়। এই ফ্লাইট ব্যবসা, পরিবার ও সংস্কৃতির মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।
বিমান সংস্থাটি আরও জানিয়েছে, লাগোস থেকে ওয়াশিংটনের ডালেস আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে পশ্চিম গোলার্ধের প্রায় ৬০টি গন্তব্যে যাওয়া যায়। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ইউনাইটেডের অন্য ছয়টি প্রধান সংযোগ বিমানবন্দরও রয়েছে।
এদিকে যাত্রীসেবা উন্নত করতে উড়োজাহাজে নতুন প্রযুক্তি যুক্ত করছে ইউনাইটেড। মাইলেজপ্লাস সদস্যরা সব শ্রেণির আসনে বিনা মূল্যে স্টারলিংক ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন। প্রতি সপ্তাহে প্রায় ২০টি উড়োজাহাজে এই প্রযুক্তি স্থাপন করা হচ্ছে। ২০২৭ সালের শেষ নাগাদ পুরো বহরে স্টারলিংক যুক্ত করার লক্ষ্য রয়েছে সংস্থাটির।
এ ছাড়া ২০২৭ সালের শেষ নাগাদ এক হাজার উড়োজাহাজে আসনের পেছনে বিনোদন দেখার স্ক্রিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। নতুন উড়োজাহাজে থাকবে ২৭ ইঞ্চির ফোরকে ওএলইডি স্ক্রিন। যাত্রীরা অ্যাপল টিভি, এইচবিও ম্যাক্স, এ২৪ ও স্পটিফাইসহ বিভিন্ন মাধ্যমের আড়াই হাজার ঘণ্টার বেশি বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
লাগোস ছাড়াও আফ্রিকায় ইউনাইটেডের গন্তব্যের মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউন, ঘানার আক্রা এবং মরক্কোর মারাকেশ।