যুক্তরাষ্ট্রে কমছে বিমান সংস্থার সংখ্যা, পছন্দের সুযোগ হারাচ্ছেন যাত্রীরা
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, November 28, 2026
সংগৃহীত
যুক্তরাষ্ট্রে একের পর এক বিমান সংস্থা বন্ধ হয়ে যাচ্ছে কিংবা বড় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হচ্ছে। এতে দেশটির আকাশপথে যাত্রীদের পছন্দের সুযোগ কমে আসছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রুটে মোট আসনের প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করছে মাত্র চারটি বড় বিমান সংস্থা।
গত বছরের ছুটির মৌসুমের পর থেকে কম খরচের বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইনস ব্যবসা বন্ধ করে দিয়েছে। সম্প্রতি বাজেট এয়ারলাইন অ্যালেজিয়েন্টও প্রতিদ্বন্দ্বী সান কান্ট্রিকে কিনে নিয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, আগামী বছরগুলোতে বিমান সংস্থাগুলোর মধ্যে আরও একীভূত হওয়ার ঘটনা ঘটতে পারে। কারণ, এই খাতে মুনাফা ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ার মতো অতিরিক্ত খরচ সরাসরি প্রতিষ্ঠানগুলোর মুনাফায় প্রভাব ফেলছে। সম্প্রতি জ্বালানির দাম বৃদ্ধির কারণে ইউরোপের বেশ কয়েকটি ছোট বিমান সংস্থা ব্যবসা বন্ধ করেছে।
গত ২৫ বছরে একের পর এক একীভূত হওয়ার ফলে যুক্তরাষ্ট্রে চারটি বড় বিমান সংস্থা গড়ে উঠেছে। এগুলো হলো ইউনাইটেড, ডেলটা, আমেরিকান ও সাউথওয়েস্ট। উড়োজাহাজ চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, দেশটির অভ্যন্তরীণ রুটে মোট আসনের প্রায় ৮০ শতাংশ সরবরাহ করে এই চার সংস্থা।
এদিকে ছোট বিমান সংস্থাগুলোর মধ্যেও একীভূত হওয়ার প্রবণতা বাড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে আলাস্কা এয়ার কিনে নিয়েছে হাওয়াইয়ান এয়ারলাইনস ও ভার্জিন আমেরিকাকে। এতে হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে এবং দেশটির পশ্চিম উপকূলের বিভিন্ন রুটে বিমান সংস্থার সংখ্যা কমেছে।
বিশেষজ্ঞ ও যাত্রীদের মতে, বিমান সংস্থার সংখ্যা কমে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন গ্রাহকেরা। কারণ, প্রতিযোগিতা কমলে টিকিটের দাম, সেবার মান ও রুট বেছে নেওয়ার সুযোগও সীমিত হয়ে আসতে পারে।
বিমান চলাচলবিষয়ক নিউজলেটার ‘ফ্রম দ্য ট্রে টেবিল’-এর লেখক জ্যাক গ্রিফ বলেন, বাজারে প্রতিযোগিতা যত বেশি থাকে, গ্রাহকেরা তত বেশি সুবিধা পান। প্রতিযোগিতা থাকলে বিমান সংস্থাগুলো টিকিটের দাম, সেবার মান ও রুট নেটওয়ার্ক উন্নত করতে বেশি চেষ্টা করে। তবে বাজারে এতগুলো বিমান সংস্থার টিকে থাকার সুযোগ না থাকায় একীভূত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।