মালদ্বীপের মাফুশি কারাগারে বাংলাদেশি বন্দিদের খোঁজ নিলেন হাইকমিশনার
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, July 14, 2026
ছবি: হাইকমিশন
মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ, অধিকার ও আইনগত সুরক্ষা নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার মাফুশি কারাগার পরিদর্শন করেছে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সার্বিক অবস্থা, বিভিন্ন সমস্যা এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেয়।
পরিদর্শনের সময় বন্দিদের চিকিৎসাসেবা, আবাসন, খাদ্য, স্বাস্থ্যবিধি এবং অন্যান্য কল্যাণমূলক সুবিধা পর্যালোচনা করা হয়। পাশাপাশি কারা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বাংলাদেশি বন্দিদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি স্থানান্তর চুক্তি দ্রুত চূড়ান্ত করার বিষয়টিও গুরুত্ব পায়। হাইকমিশনের মতে, চুক্তিটি কার্যকর হলে মানবিক বিবেচনায় দণ্ডপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের নিজ দেশে স্থানান্তরের মাধ্যমে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হবে।