মালয়েশিয়াগামীদের অবৈধ স্বাস্থ্য পরীক্ষা: পল্টনে ডায়াগনস্টিক সিলগালা
সরকারি অনুমোদন ছাড়া মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টনের একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) পল্টনের বক্স কালভার্ট রোডে অবস্থিত 'হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার'-এ অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে নানা গুরুতর অনিয়ম পাওয়া যায় বলে শুক্রবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটির নিজস্ব ডাটাবেস ঘেঁটে দেখা গেছে, গত ২০ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে মালয়েশিয়া যেতে ইচ্ছুক ১৪ জনের মেডিকেল টেস্ট করে রিপোর্ট দেওয়া হয়েছে। এ কাজের জন্য প্রতিষ্ঠানটির কোনো সরকারি অনুমতি ছিল না।
এ ছাড়া একই ভবনে 'হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার'-এর সাইনবোর্ডের পাশাপাশি 'সামিহা ডায়াগনস্টিক সেন্টার' নামে আরেকটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম চালানোর প্রমাণও মিলেছে।
জনস্বার্থে এবং বৈদেশিক কর্মসংস্থান খাতের শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেন।
ঘটনা প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বৈদেশিক কর্মসংস্থান খাতে যেকোনো অনিয়ম, প্রতারণা ও অনুমোদনহীন কার্যক্রমের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি রয়েছে। মালয়েশিয়াগামী কর্মীদের নিয়ে কোনো প্রতিষ্ঠানকে প্রতারণার সুযোগ দেওয়া হবে না।
মন্ত্রী আরও বলেন, যেসব প্রতিষ্ঠান বিদেশগামীদের ভুয়া বা প্রতারণামূলক মেডিকেল রিপোর্ট দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কর্মীদের স্বার্থ রক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম সারা দেশে চলবে।