মরক্কোর রাবাতে ‘বাজার সলিদায়ার ২০২৫’-এ বাংলাদেশকে তুলে ধরল সমৃদ্ধ সংস্কৃতি
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, December 04, 2025
ছবি: সংগৃহীত
মরক্কোর রাজধানী রাবাতে শনিবার অনুষ্ঠিত বার্ষিক ‘বাজার সলিদায়ার ২০২৫’–এ অংশ নিয়ে বাংলাদেশ নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও হস্তশিল্পের সমৃদ্ধ প্রদর্শনী উপস্থাপন করেছে। কিং মোহাম্মদ ষষ্ঠ-এর হাই প্যাট্রোনেজে অনুষ্ঠিত এই দাতব্য আয়োজনে বিশ্বজুড়ে ৪০টিরও বেশি দেশের অংশগ্রহণ ছিল।
বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, ডিপ্লোম্যাটিক সার্কেল আয়োজিত এই মেলার উদ্বোধন করেন প্রিন্সেস লাল্লা মারিয়াম। রাবাতের জাতীয় গ্রন্থাগারে (ন্যাশনাল লাইব্রেরি) অনুষ্ঠিত মেলায় অংশগ্রহণকারী দেশগুলো তাদের ঐতিহ্যবাহী পণ্য ও সংস্কৃতি উপস্থাপনের পাশাপাশি মরক্কোর বিভিন্ন এনজিওর জন্য তহবিল সংগ্রহ করে, যারা নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় কাজ করে।
বাংলাদেশের স্টলে প্রদর্শিত হয় দেশীয় টেক্সটাইল, হস্তশিল্প, শিল্পনৈপুণ্য ও সাংস্কৃতিক উপকরণ, যা দেশের ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পাশাপাশি মরক্কোসহ অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ তৈরি হবে।
দূতাবাস জানায়, বাংলাদেশ এমন একটি উদ্যোগের অংশ হতে পেরে সম্মানিত, যা বিশ্বব্যাপী সংহতি, বন্ধুত্ব, সংস্কৃতি বিনিময় ও সহযোগিতাকে এগিয়ে নিয়ে যায়।
উল্লেখ্য, ‘বাজার সলিদায়ার’, যা ‘ডিপ্লোম্যাটিক সার্কেল চারিটি বাজার’ বা ‘Bazar de bienfaisance du Cercle diplomatique’ নামেও পরিচিত, মরক্কোর ডিপ্লোম্যাটিক সার্কেল কর্তৃক রাবাতে প্রতিবছর আয়োজিত একটি আন্তর্জাতিক দাতব্য মেলা। এর মাধ্যমে বিভিন্ন দেশের কূটনীতিক ও জনগণের মধ্যে বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা আরও শক্তিশালী হয়।