Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

নাইজেরিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩২

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, October 06, 2026
নাইজেরিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩২

ছবি: সংগৃহীত


পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বিমানবাহিনীর একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আরোহী ৩২ জনের সবাই নিহত হয়েছেন। সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। প্রেসিডেন্ট বোলা টিনুবু এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।


আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় সাম্প্রতিক বছরগুলোর অন্যতম ভয়াবহ এভিয়েশন দুর্ঘটনা এটি।


প্রেসিডেন্ট কার্যালয় ও বিমানবাহিনী জানায়, "নিয়মিত অভিযানে" দেশটির দক্ষিণাঞ্চলের শহর বেনিন সিটি থেকে অর্থনৈতিক কেন্দ্র লাগোসে যাচ্ছিল উড়োজাহাজটি। স্থানীয় সময় সকাল ৯টার কিছু পরে ওন্দো রাজ্যের ইগবোকোদা এলাকায় সেটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজে ২৫ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন।


প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, "নিহতদের পরিবারের প্রতি প্রেসিডেন্ট গভীর সমবেদনা জানিয়েছেন।" টিনুবু বলেন, "এটি আমাদের সশস্ত্র বাহিনী ও পুরো জাতির জন্য একটি বেদনাদায়ক মুহূর্ত।"


পরে প্রেসিডেন্টের মুখপাত্র বায়ো ওনানুগা এক বিবৃতিতে জানান, নিহত বিমানবাহিনী সদস্যদের স্মরণে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। এ সময় সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।


প্রেসিডেন্ট কার্যালয় ও বিমানমন্ত্রী ফেস্টাস কেয়ামো জানান, উড়োজাহাজটি একটি নৌঘাঁটির কাছে বিধ্বস্ত হয়। তাঁরা এটিকে এটিআর-৪২ মডেলের উড়োজাহাজ বলে উল্লেখ করেছেন। দুই ইঞ্জিনের এ টার্বোপ্রপ উড়োজাহাজে ৩০ থেকে ৫০ যাত্রী বহনের সক্ষমতা আছে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নদীর পাড়ে অল্প কিছু মানুষ জড়ো হয়েছেন। উদ্ধারকর্মীরা নৌকায় করে এলাকায় তল্লাশি চালাচ্ছেন।


বিমানবাহিনীর মুখপাত্র এহিমেন এজোদামে জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জরুরি সেবা সংস্থার সমন্বয়ে উদ্ধার অভিযান চলছে। পুলিশও দুর্ঘটনার কথা নিশ্চিত করেছে, তবে বিস্তারিত জানায়নি।


দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিমানবাহিনীকে অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। নিহতদের পরিবারকে জানানোর পর তাঁদের পরিচয় প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রেসিডেন্ট কার্যালয়।


ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে থাকেন ৩৯ বছর বয়সী কাঠ বিক্রেতা দায়ো আকিন্তে। এএফপিকে ফোনে তিনি বলেন, উড়োজাহাজটি যখন বিধ্বস্ত হয়, তখন তিনি বজ্রপাতের মতো শব্দ শুনেছিলেন। তিনি জানান, জলাভূমিতে মাছ ধরতে যাওয়া একজন নৌঘাঁটি ও শহরের লোকজনকে ঘটনাটি জানান। দুর্ঘটনার পর থেকে তিনটি উড়োজাহাজ ওই এলাকার ওপর দিয়ে উড়তে দেখা গেছে বলেও জানান আকিন্তে।


ইগবোকোদা নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের তেলসমৃদ্ধ ইলাজে এলাকায় অবস্থিত।


এর আগে ২০২১ সালের মে মাসে কাদুনা রাজ্যের বিমানবন্দরে অবতরণের সময় খারাপ আবহাওয়ায় একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরুসহ ১১ জন সেনা কর্মকর্তা নিহত হন। ২০১৫ সালের আগস্টে উত্তরাঞ্চলে একটি সামরিক উড়োজাহাজ বাড়ির ওপর বিধ্বস্ত হয়ে আরোহী সাতজনই প্রাণ হারান।


সূত্র: এএফপি

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News