ওমানের কৃষি খাতে বাংলাদেশি কর্মী পাঠাতে সভা
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, October 05, 2026
ছবি: বোয়েসেল
ওমানের কৃষি খাতে বাংলাদেশি কর্মী পাঠানোর সম্ভাবনা নিয়ে দেশটির একটি প্রতিনিধি দলের সঙ্গে সভা করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রোববার অধিদপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুর রহিম উপস্থিত ছিলেন।
সভায় ওমানের কৃষি খাতে বাংলাদেশের দক্ষ ও প্রশিক্ষিত কর্মীদের কাজের সুযোগ নিয়ে আলোচনা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট খাতের চাহিদা অনুযায়ী কী ধরনের দক্ষতা ও প্রশিক্ষণ প্রয়োজন, কর্মী বাছাই ও মূল্যায়ন কীভাবে হবে এবং বাংলাদেশ থেকে ওমানে কৃষিকর্মী পাঠানোর সার্বিক সম্ভাবনা নিয়েও কথা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওমানের কৃষি খাতের চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশি কর্মীদের দক্ষতা বাড়ানো, প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া এবং উপযুক্ত কর্মী বাছাইয়ের মাধ্যমে একটি সুশৃঙ্খল ও কার্যকর কর্মী প্রেরণ প্রক্রিয়া গড়ে তোলার ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।
ওমানের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের অংশ হিসেবে এ সভা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগ দেশের দক্ষ জনশক্তি তৈরিতে এবং ওমানের কৃষি খাতে বাংলাদেশি কর্মীদের নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভূমিকা রাখবে।