অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে সৌদি আরব থেকে ১৭ হাজারেরও বেশি প্রবাসী বিতাড়িত
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, April 27, 2026
ছবি: সংগৃহীত
অবৈধ বসবাস, শ্রম ও সীমান্ত লঙ্ঘনের বিরুদ্ধে পরিচালিত এক সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে ১৭ হাজার ৩৬৮ জনকে বিতাড়িত করেছে সৌদি আরব। সারা দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান জোরদার করার মাধ্যমে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কর্তৃপক্ষ জানায়, গত ১৬ থেকে ২২ এপ্রিলের মধ্যে পরিচালিত যৌথ অভিযানে ১২ হাজার ১৯২ জনকে গ্রেপ্তারের পর বিতাড়ন কার্যক্রম পরিচালিত হয়। নিরাপত্তা সংস্থা ও সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে আটকদের মধ্যে ৬ হাজার ৬০৬ জন বসবাস সংক্রান্ত বিধি লঙ্ঘনকারী, ৩ হাজার ৫১০ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গকারী এবং ২ হাজার ৭৬ জন শ্রম-সংক্রান্ত অপরাধে অভিযুক্ত বলে চিহ্নিত হয়েছেন।
কর্তৃপক্ষ আরও জানায়, অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টাকালে আরও ১ হাজার ৪৫৪ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই ইথিওপিয়ার নাগরিক এবং অল্পসংখ্যক ইয়েমেনি ও অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া অবৈধ পথে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে আরও ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিতাড়নের পাশাপাশি ২০ হাজারেরও বেশি প্রবাসীকে ভ্রমণ দলিল সংগ্রহের জন্য তাঁদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে যোগাযোগের জন্য পাঠানো হয়েছে, অন্যদের দেশত্যাগের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযানের অংশ হিসেবে ৩৩ হাজারেরও বেশি প্রবাসী এখনও আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন।
এ ছাড়া অবৈধ কার্যক্রমে সহায়তার অভিযোগে পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থান সুবিধা প্রদানকারী ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্ত্রণালয় জানায়। একইসঙ্গে সতর্ক করা হয়েছে যে, অবৈধ প্রবেশ বা অবস্থানে সহায়তাকারীদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার পাশাপাশি এ কাজে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।
সূত্র: গালফ নিউজ