শেনজেন দেশগুলোর দূতাবাসের সতর্কবার্তা: ভিসা পেলে পূর্বনির্ধারিত ভ্রমণ পরিকল্পনা মেনে চলুন
সিনিয়র প্রতিবেদক
| Published: Monday, April 27, 2026
-কোলাজ ছবি
ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস আজ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে। বিজ্ঞপ্তিতে অনুমোদিত শেনজেন ভিসাধারীদের আবেদনের সময় জমা দেওয়া ভ্রমণ পরিকল্পনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়, "আপনি কি আপনার শেনজেন ভিসার অনুমোদন পেয়েছেন? তাহলে অভিনন্দন! আপনার আবেদনে জমা দেওয়া ভ্রমণ পরিকল্পনাটি অবশ্যই অনুসরণ করবেন।" একইসঙ্গে সতর্ক করা হয়েছে যে, পূর্বনির্ধারিত ভ্রমণ পরিকল্পনা থেকে বিচ্যুত হলে ভবিষ্যতে শেনজেনভুক্ত দেশগুলোর ভিসা প্রত্যাখ্যাত হতে পারে।
ঢাকায় অবস্থিত শেনজেন দেশগুলোর দূতাবাস নিয়মিতভাবে বাংলাদেশি ভ্রমণকারীদের ভিসা বিধিমালা, প্রবেশের শর্তাবলি এবং ভ্রমণ সংক্রান্ত নিয়মকানুন সম্পর্কে সচেতন রাখতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে।
২৯টি ইউরোপীয় দেশ নিয়ে গঠিত শেনজেন অঞ্চল একটি অভিন্ন ভিসা ও সীমান্ত ব্যবস্থাপনা কাঠামোর অধীনে পরিচালিত হয়।