পহেলা জুলাই থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালু করবে বিমান
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, April 14, 2026
ছবি: বিমান
হজ ফ্লাইটের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আগামী ১ জুলাই থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ করা এবং ক্রমবর্ধমান যাত্রী চাহিদা পূরণই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনা এবং আন্তর্জাতিক বিমান যোগাযোগ জোরদারে সরকারের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রাথমিকভাবে প্রতি শনিবার ও মঙ্গলবার সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে। সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে সকাল ১০টা ৫৫ মিনিটে এবং সিলেট থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে। স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে ম্যানচেস্টারে পৌঁছাবে।
ফিরতি ফ্লাইট ম্যানচেস্টার থেকে ছাড়বে রাত ৯টায়। পরদিন সকাল ১১টা ৫০ মিনিটে সিলেটে এবং দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
পরিচালনগত কারণ এবং বিমানবহরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে গত ১ মার্চ থেকে রুটটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
বিমান কর্তৃপক্ষ আশা করছে, রুটটি পুনরায় চালু হলে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের যাতায়াত আরও সহজ হবে এবং এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটে যাত্রী সেবার মান উন্নত হবে।
টিকিট বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের বিমানের বিক্রয় কেন্দ্র, অনুমোদিত ট্রাভেল এজেন্সি অথবা এয়ারলাইন্সের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে।