লিবিয়ায় বাংলাদেশি প্রবাসীদের সামাজিক সুরক্ষা নিশ্চিতে চুক্তির উদ্যোগ
ডেস্ক রিপোর্ট
| Published: Friday, April 17, 2026
লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ লিবিয়ার সমাজকল্যাণ উপমন্ত্রী প্রকৌশলী আলী এমহামেদ আল-নাধুরীর সাথে বৈঠক করেন। ছবি: দূতাবাস
লিবিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দীর্ঘদিন ধরে যে সামাজিক সুরক্ষা তহবিলে (সুন্দুক্ব-দমান-ইজতিমায়ি) নিয়মিত চাঁদা দিয়ে আসছেন, সেই তহবিলের সুবিধা প্রাপ্তি নিশ্চিত করতে এবার দ্বিপাক্ষিক চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ গত ১৫ এপ্রিল লিবিয়ার সমাজকল্যাণ উপমন্ত্রী প্রকৌশলী আলী এমহামেদ আল-নাধুরীর সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই বিষয়ে একমত হন।
ত্রিপোলিস্থ বাংলাদেশ দূতাবাস বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বৈঠকে রাষ্ট্রদূত হাবীব উল্লাহ জানান, লিবিয়ায় বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী বৈধভাবে নিয়োজিত রয়েছেন এবং আকামা নবায়নের অংশ হিসেবে তারা প্রতিনিয়ত সামাজিক সুরক্ষা তহবিলে অর্থ জমা দিচ্ছেন। কিন্তু বাস্তবে ওই তহবিলের সুবিধা পেতে গিয়ে কর্মীরা নানা জটিলতার মুখে পড়ছেন — যা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে।
লিবিয়ার উপমন্ত্রী আল-নাধুরী বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, লিবিয়ার বিভিন্ন খাতে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি জানান, সামাজিক সুরক্ষা তহবিলের সুবিধা কার্যকরভাবে বাস্তবায়নে একটি প্রাতিষ্ঠানিক চুক্তি অপরিহার্য। উভয় পক্ষ এ লক্ষ্যে দ্রুত অগ্রসর হতে সম্মত হয়েছে।
বৈঠকে সামাজিক সুরক্ষার পাশাপাশি প্রবীণ কল্যাণ, নারী ক্ষমতায়ন এবং দারিদ্র্য বিমোচন খাতেও দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
নিয়মিত সফর বিনিময়ের মাধ্যমে এই সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়েও উভয় পক্ষ একমত পোষণ করেন।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম বিভাগের প্রথম সচিব ও লিবিয়ার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও পরিকল্পনা বিভাগের মহাপরিচালকবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লিবিয়া বর্তমানে বাংলাদেশি শ্রমিকদের অন্যতম প্রধান গন্তব্য দেশ। হাজার হাজার বাংলাদেশি নির্মাণ, সেবা ও বিভিন্ন শিল্প খাতে দেশটিতে কর্মরত।