হজ ফ্লাইট উদ্বোধনের আগে বিমানবন্দর পরিদর্শন করলেন বিমান পরিবহন মন্ত্রী-প্রতিমন্ত্রী
সিনিয়র প্রতিবেদক
| Published: Friday, April 17, 2026
আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। ছবি: মন্ত্রণালয়
হজ ফ্লাইট-২০২৬ এর শুভ উদ্বোধন উপলক্ষে সার্বিক প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে আজ রাত ৮টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
এ বছর বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইটটি শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা হজ ফ্লাইট পরিচালনা ও যাত্রীসেবার প্রস্তুতি বিষয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে বিস্তারিত উপস্থাপন করেন।
মন্ত্রী আফরোজা খানম বলেন, "হজযাত্রীদের যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে এগিয়ে আসতে হবে।" তিনি হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, "হজযাত্রাকে সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করা আমাদের পবিত্র দায়িত্ব।" তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে হজযাত্রী ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।