সংস্কারের জন্য দুবাইয়ের বুর্জ আল আরব ১৮ মাস বন্ধ থাকবে
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, April 16, 2026
ছবি: সংগৃহীত
দুবাইয়ের অন্যতম প্রতীকী বিলাসবহুল হোটেল বুর্জ আল আরব—প্রায় ১৮ মাসব্যাপী সংস্কারকাজের জন্য বন্ধ রাখা হবে বলে একটি সূত্র বুধবার জানিয়েছে। ১৯৯৯ সালে উদ্বোধনের পর এটিই হোটেলটির প্রথম বড় ধরনের সংস্কার উদ্যোগ।
হোটেলটির মালিক জুমেইরাহ গ্রুপ বুধবার এক বিবৃতিতে জানায়, সংস্কারকাজ ধাপে ধাপে প্রায় ১৮ মাস ধরে চলবে এবং এর নকশা তত্ত্বাবধান করবেন প্যারিসভিত্তিক স্থপতি ট্রিসটান অয়ের। তবে বিবৃতিতে পুরো সময়জুড়ে হোটেল বন্ধ থাকবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি।
একজন কর্মী জানান, সংস্কারকালীন সময়ে যেসব অতিথির বুকিং রয়েছে তাদের জন্য নিকটবর্তী অন্যান্য হোটেলে বিকল্প আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। তবে বন্ধ থাকার সময়সূচি পরিবর্তিত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
জাহাজের পাল আকৃতির এই হোটেলটি জুমেইরাহ গ্রুপের ফ্ল্যাগশিপ ল্যান্ডমার্ক হিসেবে পরিচিত। গত মার্চের শুরুতে ইরানের একটি ড্রোন হামলা প্রতিহত করার সময় সৃষ্ট ধ্বংসাবশেষ হোটেলটির সম্মুখভাগে আঘাত হানে এবং কিছু ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে।
তবে সংশ্লিষ্ট কর্মী দাবি করেন, বহুল প্রতীক্ষিত এই সংস্কারকাজের সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই। জুমেইরাহও তাদের বিবৃতিতে চলমান আঞ্চলিক সংঘাতের সঙ্গে প্রকল্পটির যোগসূত্র উল্লেখ করেনি।
তবু সময়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ দুবাই এ পর্যটন খাতে সাম্প্রতিক সময়ে চাপ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতকে কেন্দ্র করে ফ্লাইট বিঘ্নিত হওয়ায় ভ্রমণ কমেছে এবং বিলাসবহুল হোটেল খাতে দর্শনার্থীর চাহিদা হ্রাস পাওয়ায় মুনাফার ওপর প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সূত্র: রয়টার্স