পরীক্ষার সময় বিস্ফোরিত হলো ব্লু অরিজিনের রকেট
ডেস্ক রিপোর্ট
| Published: Friday, May 29, 2026
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কেনেডি স্পেস সেন্টারে জেফ বেজোসের মহাকাশ কোম্পানি ব্লু অরিজিনের নিউ গ্লেন রকেটের পরীক্ষামূলক কার্যক্রম চলার সময় বিস্ফোরিত হয়েছে।
এ ঘটনার পর নাসার চন্দ্রাভিযান ও মুন বেস নির্মাণের পরিকল্পনা অনিশ্চয়তায় পড়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টায় নির্ধারিত 'হটফায়ার' পরীক্ষা শুরুর কয়েক সেকেন্ডের মধ্যে লঞ্চপ্যাডে বিশাল অগ্নিগোলার সৃষ্টি হয়। বিস্ফোরণের তীব্র আলো ১৮৫ কিলোমিটার দূরের ফোর্ট পিয়ার্স পর্যন্ত দেখা যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ব্লু অরিজিন ঘটনাটিকে 'অ্যানোমালি' বা অস্বাভাবিক ঘটনা হিসেবে উল্লেখ করেছে। বেজোস সামাজিক মাধ্যমে জানান, তাঁর সকল কর্মী নিরাপদ আছেন। তিনি বলেন, "দিনটি খুবই কঠিন ছিল। তবে আমরা যা ঠিক করার প্রয়োজন তা ঠিক করে আবার উড়তে প্রস্তুত হব।"
নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানিয়েছেন, বিস্ফোরণের প্রভাব পর্যালোচনা করে আর্টেমিস ও মুন বেস কর্মসূচিতে এর প্রভাব সম্পর্কে তথ্য দেওয়া হবে। তিনি বলেন, "মহাকাশ অভিযান অত্যন্ত কঠিন এবং ভুলের কোনো সুযোগ নেই।"
উল্লেখ্য, গত মঙ্গলবার নাসা ঘোষণা করেছিল যে ব্লু অরিজিন ২ হাজার কোটি ডলারের মুন বেস নির্মাণ প্রকল্পের প্রথম তিনটি মিশন পরিচালনার চুক্তি পেয়েছে। এ ছাড়া ২০২৮ সালে পরিকল্পিত আর্টেমিস-৪ অভিযানে মুন ল্যান্ডার সরবরাহে ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গেও প্রতিযোগিতায় রয়েছে কোম্পানিটি।
সূত্র: দ্য গার্ডিয়ান