Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

পর্যটন খাতে দক্ষ জনশক্তি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কর্মশালা

পর্যটন খাতে দক্ষ জনশক্তি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কর্মশালা

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় অতিথিরা । ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

দেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে রাজধানীতে দিনব্যাপী এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে ‘আনলকিং ক্যারিয়ারস অ্যান্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ ফর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) স্টুডেন্টস ইন ট্যুরিজম ইন্ডাস্ট্রি’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ‘প্রোগ্রেস’ প্রকল্পের সহযোগিতায় এর আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আইএলওর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার অ্যালেক্সিয়াস চিচাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।


প্রধান অতিথির বক্তব্যে ড. নূরুন্নাহার চৌধুরী বলেন, পর্যটন খাতের বিপুল সম্ভাবনাকে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে রূপান্তর করতে হলে অবকাঠামোর পাশাপাশি দক্ষ ও সেবামুখী মানবসম্পদ তৈরি করা অপরিহার্য। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব চাহিদার মধ্যকার ব্যবধান দূর করতে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।


পর্যটন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণকারীদের কাজের ক্ষেত্র শুধু হোটেল বা রিসোর্টে সীমাবদ্ধ নয় উল্লেখ করে সচিব বলেন, এভিয়েশন, ট্যুর অপারেশন, ট্রাভেল এজেন্সি, ইভেন্ট ম্যানেজমেন্ট ও ডিজিটাল ট্যুরিজমসহ বিভিন্ন ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, বিদেশি ভাষায় পারদর্শিতা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন তিনি। পাশাপাশি এ খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।


সভাপতির বক্তব্যে মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, পর্যটন শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও সরকারের মধ্যে কার্যকর অংশীদারত্ব জরুরি। নিয়োগদাতাদের প্রত্যাশিত দক্ষতা এবং শিক্ষার্থীদের অর্জিত দক্ষতার মধ্যকার ব্যবধান কমাতে এ কর্মসূচি সরাসরি যোগাযোগের একটি বাস্তবমুখী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ভবিষ্যতে এর মাধ্যমে কী পরিমাণ কর্মসংস্থান ও ইন্টার্নশিপের সুযোগ তৈরি হলো, তার ওপরই কর্মসূচির প্রকৃত সফলতা নির্ভর করবে।


দিনব্যাপী এ আয়োজনে দেশের ১৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী, নবীন গ্র্যাজুয়েট ও শিক্ষকেরা অংশ নেন। কর্মসূচিতে নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি মতবিনিময় এবং খাতভিত্তিক জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার সুযোগ রাখা হয়। সরাসরি অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য ডিজিটাল মাধ্যমেও সিভি জমা দেওয়ার ব্যবস্থা ছিল।


কর্মসূচির কারিগরি অধিবেশনে সেলস অ্যান্ড মার্কেটিং, ফুড অ্যান্ড বেভারেজ সেবা, ট্যুর গাইডিং, টিকিটিং ও রিজার্ভেশন, নারী ও তরুণ উদ্যোক্তা উন্নয়ন, এভিয়েশন এবং হোটেল ব্যবস্থাপনাসহ সাতটি বিষয়ে আলোচনা হয়। এসব অধিবেশনে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, হোটেল শেরাটন ঢাকা, ইউএস-বাংলা এয়ারলাইনস, দ্য বেঙ্গল ট্যুরস, স্যাবর ট্রাভেল নেটওয়ার্ক, অটার্কি ট্যুরস এবং ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ, ইন্টার্নশিপ ও পেশাদার আচরণের গুরুত্ব তুলে ধরেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News