রিয়াদ বিমানবন্দরে হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, October 11, 2026
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন। সৌদি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক ও দুজন বাংলাদেশি। এ ছাড়া যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক প্রাণ হারিয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানায় সংস্থাটি।
হামলার পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
দেশের অভ্যন্তরীণ টার্মিনালে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, ৪০১ নম্বর গেটে আঘাত লেগেছে। তিনি বলেন, "সবাই দৌড়াচ্ছিল।" রয়টার্স এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে, এক ডজনের বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা গেছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্র জানান, একটি যাত্রী টার্মিনালে হামলায় বেসামরিক যাত্রী ও বিমানবন্দরের কর্মীরা হতাহত হয়েছেন। একই দিন সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও একটি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল এসে পড়েছে বলে জানায় জোটটি।
এর আগে বৃহস্পতিবার রিয়াদ বিমানবন্দরে দুই দফা হামলায় একজন পাইলটসহ তিনজন নিহত এবং একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ৬ ও ৭ অক্টোবর সৌদি আরবের দুটি বিমানবন্দরে হামলায় আরও তিনজন প্রাণ হারান।
ফ্লাইটরাডার২৪-এর তথ্যমতে, রিয়াদগামী সব ফ্লাইট হয় অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে, নয়তো বাতিল করা হয়েছে। উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি এয়ারলাইন্স রিয়াদ থেকে ও রিয়াদগামী ফ্লাইট বাতিল করেছে। কুয়েত এয়ারওয়েজ বাতিলের কারণ হিসেবে "নিরাপত্তা পরিস্থিতি"র কথা বলেছে।
এদিকে শনিবার জরুরি এক বিজ্ঞপ্তিতে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নির্ধারিত ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই ফ্লাইটগিুলোর যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
স্থগিত হওয়া ফ্লাইটগুলো হলো বিজি ৩৩৯ ও বিজি ৩৪০। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করছে। ফ্লাইটগুলোর সময়সূচি নতুন করে নির্ধারণ বা এর হালনাগাদ অবস্থা ১১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বিবিসি’র খবরে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলোর দূতাবাস সৌদি আরবে অবস্থিত নিজ নিজ নাগরিকদের বিমানবন্দর এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর ব্রিটিশ নাগরিকদের বিমানবন্দর নিরাপদ না হওয়া পর্যন্ত ওই এলাকা এড়িয়ে চলতে বলেছে।
সূত্র: বিবিসি/বিমান বাংলাদেশ এয়ারলাইন্স