Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

সংসদীয় কমিটির প্রথম বৈঠক: দুর্নীতিমুক্ত থেকে কাজের পরামর্শ

সংসদীয় কমিটির প্রথম বৈঠক: দুর্নীতিমুক্ত থেকে কাজের পরামর্শ

ছবি: জাতীয় সংসদ


ত্রয়োদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপির সভাপতিত্বে এ বৈঠক হয়।


জাতীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 


বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর কমিটির সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাদের মধ্যে পরিচিতি পর্ব হয়।


বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, আলতাফ হোসেন চৌধুরী এমপি, লুৎফুল্লাহেল মাজেদ এমপি, সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এমপি, মোছা. সুরাইয়া জেরিন এমপি, শওকত আরা আক্তার এমপি, মো. কামরুল হাসান এমপি ও মো. আবু তালিব এমপি।


কমিটির সভাপতি বৈঠকে এভিয়েশন খাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা এবং প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর করতে মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত থেকে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।


বাংলাদেশকে অন্যতম প্রধান এভিয়েশন হাব ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৈঠকে মন্ত্রণালয়ের অধীন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সার্বিক কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরা হয়।


কমিটি মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমের বাস্তবায়িত অংশ এবং শূন্য পদের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে সুপারিশ করে। এ ছাড়া শূন্য পদ অগ্রাধিকার ভিত্তিতে পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়।


কমিটি একটি কার্যকর দল হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে ‘করব কাজ, গড়ব দেশ’ নীতি ধারণ করে আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানের বিমান পরিবহন ও পর্যটন খাত গড়ে তুলতে মন্ত্রণালয়কে সমন্বয়ের মাধ্যমে কাজ করার পরামর্শ দেয়। বৈঠক সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সভাপতি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।


মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News