সংস্কৃতি ও বাণিজ্যের সেতুবন্ধন: লন্ডনে সমাপ্ত ‘বাংলাদেশ হেরিটেজ উইক ২০২৫’-এর প্রথম পর্ব
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, December 16, 2025
ছবি: হাইকমিশন
প্রবাসী কমিউনিটিকে কেন্দ্রবিন্দুতে রেখে সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনৈতিক সহযোগিতার এক অনন্য উদ্যোগ সূচনার অংশ হিসেবে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের টাউন হলে দুই দিনব্যাপী 'বাংলাদেশ হেরিটেজ উইক ২০২৫' এর প্রথম পর্ব সমাপ্ত হয়েছে রবিবার।
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রথমবারের মতো লন্ডনে হেরিটেজ উইক আয়োজন করা হয়, এতে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি এসএমই পণ্যের প্রবেশাধিকার আরও বিস্তৃত হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে, হাইকমিশনের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের সার্বিক ব্যবস্থাপনায় এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় আয়োজিত এই হেরিটেজ উইকএন্ড ও বাণিজ্য মেলার মূল লক্ষ্য ছিল বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) এবং যুক্তরাজ্যের, বিশেষ করে টাওয়ার হ্যামলেটসের ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। পাশাপাশি প্রবাসে নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানাশোনা আরও গভীর করা।
বাংলাদেশ হেরিটেজ উইকএন্ড এন্ড ট্রেড ফেয়ার ২০২৫–এর কর্মসূচির মধ্যে ছিল বাণিজ্য মেলা, ‘ঢাকা টু ব্রিক লেন’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনী, ‘বাংলাদেশ ইন মাই আইজ’ ফটোগ্রাফি প্রদর্শনী, লিটারেচার মিট এবং স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল।
উদ্বোধনী দিনের বিশেষ আকর্ষণ ছিল বিকাল ২টা থেকে ৩টা পর্যন্ত ব্রিটিশ বাংলাদেশি শিশু-কিশোরদের কুইজ প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়। বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত বাংলা ক্যালিগ্রাফি ও রিকশা আর্ট ডেমোনস্ট্রেশনের হাতে-কলমে কর্মশালা এবং একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
মেলায় বাংলাদেশ থেকে আগত ১৩ জন এবং স্থানীয় ১৫ জন নারী উদ্যোক্তার পাশাপাশি বিভিন্ন প্রতিনিধিত্বশীল সংগঠন অংশগ্রহণ করে।
বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম বাংলাদেশ ‘হেরিটেজ উইক ২০২৫’ সফলভাবে আয়োজনের জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র লুতফুর রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
লন্ডনে বসবাসরত বহু বাংলাদেশি ও ব্রিটিশ-বাংলাদেশি এই আয়োজনে অংশগ্রহণ করেন এবং যুক্তরাজ্যে বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হন।
এর আগে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান যৌথভাবে শনিবার এ কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,ব্যবসায়ী ও কমিউনিটি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন।