Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট | Published: Sunday, November 08, 2026
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।


স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে আল-হিমনা নামে একটি জায়গায় দুর্ঘটনাটি ঘটে। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পাঠানো প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় তিনটি পরিবারের মোট ১৩ জন হতাহত হয়েছেন। তাঁদের সবার বাড়ি কক্সবাজার জেলায়। গাড়িতে আল-আবির কোম্পানিতে কর্মরত চারজন বাংলাদেশি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা ছিলেন।


গাড়িটি চালাচ্ছিলেন একজন পাকিস্তানি নাগরিক। খোলাইস ট্রাফিক অফিসের কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, বেপরোয়া গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। জানা গেছে, তখন গাড়ির গতি ছিল ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার। তবে চালক দাবি করেছেন, টায়ার ফেটে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর।


নিহতরা হলেন জিয়াউর রহমান, তাঁর তিন সন্তান বুশরা, ইয়াসির ও ইয়াযান; আলম শাহের স্ত্রী সানজিদা ও মেয়ে ফারিয়া এবং ইলিয়াসের স্ত্রী আফসানা বিবি।


আহত ছয়জন হলেন জিয়াউর রহমানের স্ত্রী শাকিরা ও মেয়ে ইউসরা, আলম শাহ ও তাঁর ছেলে ফায়সাল, ইলিয়াস এবং গফুর আলম।


আহতদের মধ্যে শাকিরা ও গফুর আলম খোলাইস জেনারেল হাসপাতালে, ইউসরা জেদ্দার কিং আবদুল আজিজ হাসপাতালে এবং ফায়সাল ইস্ট জেদ্দা হাসপাতালে চিকিৎসাধীন। আলম শাহ ও ইলিয়াস প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।


নিহতদের মধ্যে জিয়াউর রহমান ও তাঁর তিন সন্তানের মরদেহ রাখা হয়েছে আল-হিমনা জেনারেল হাসপাতালে। সানজিদা, ফারিয়া ও আফসানা বিবির মরদেহ রয়েছে খোলাইস জেনারেল হাসপাতালে।


কনস্যুলেট জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। বিভিন্ন অফিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পাশাপাশি কনস্যুলেটের কাউন্সেলর (শ্রম) একজন আইন সহকারীকে নিয়ে খোলাইস ট্রাফিক অফিসে যান। সেখানে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়।


নিহত আফসানা বিবি কয়েক দিন আগে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন।


সূত্র: বাসস

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News