Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রজুড়ে চরম বিপর্যয়: ১৩,৪০০ বেশি ফ্লাইট বাতিল, লাখো মানুষ বিদ্যুৎহীন

ডেস্ক রিপোর্ট | Published: Sunday, January 25, 2026
ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রজুড়ে চরম বিপর্যয়: ১৩,৪০০ বেশি ফ্লাইট বাতিল, লাখো মানুষ বিদ্যুৎহীন

সংগৃহীত ছবি

ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রজুড়ে চরম বিপর্যয় নেমে এসেছে। তীব্র তুষারপাত, বরফবৃষ্টি ও হিমাঙ্কের নিচে নেমে যাওয়া তাপমাত্রার কারণে দেশজুড়ে ১৩ হাজার ৪০০-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ২ লাখ ১৭ হাজার গ্রাহক, আর প্রায় ১৮ কোটি মানুষ চরম শীতকালীন ঝুঁকির মুখে পড়েছে।


ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার জানায়, শনিবার যুক্তরাষ্ট্রে চার হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়। রোববার বাতিল হয় আরও ৯ হাজার ৪০০-এর বেশি ফ্লাইট, যা কোভিড-১৯ মহামারির পর একদিনে সর্বোচ্চ ফ্লাইট বাতিলের রেকর্ড বলে জানিয়েছে বিমান চলাচল বিশ্লেষণ সংস্থা সিরিয়াম।


জরুরি অবস্থা জারি, ফেডারেল সহায়তা অনুমোদন

পরিস্থিতির অবনতির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ ক্যারোলাইনা, ভার্জিনিয়া, টেনেসি, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, মেরিল্যান্ড, আরকানসাস, কেন্টাকি, লুইজিয়ানা, মিসিসিপি, ইন্ডিয়ানা ও ওয়েস্ট ভার্জিনিয়াসহ ১২টি অঙ্গরাজ্যে ফেডারেল জরুরি দুর্যোগ ঘোষণার অনুমোদন দেন। এ ছাড়া ১৭টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া নিজ নিজ এলাকায় আবহাওয়াজনিত জরুরি অবস্থা ঘোষণা করেছে।


তীব্র ঠান্ডা ও বিদ্যুৎ বিপর্যয়

রোববার ভোর ২টা (ইএসটি) পর্যন্ত বিদ্যুৎবিহীন গ্রাহকের সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ২ লাখ ১৭ হাজারে। বিদ্যুৎ বিভ্রাটের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে লুইজিয়ানা, মিসিসিপি, টেক্সাস ও টেনেসি অঙ্গরাজ্যে—এমন তথ্য জানিয়েছে PowerOutage.com।


পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এনার্জি জরুরি নির্দেশনা জারি করে টেক্সাসের ইলেকট্রিক রিলায়েবিলিটি কাউন্সিল (ERCOT)-কে ডেটা সেন্টার ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিকল্প বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ব্যবহারের অনুমতি দিয়েছে।


ভয়াবহ সতর্কতা ন্যাশনাল ওয়েদার সার্ভিসের

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) সতর্ক করে জানায়, দক্ষিণ-পূর্বাঞ্চলে দীর্ঘস্থায়ী ও বিস্তৃত শীতঝড়ের কারণে ব্যাপক বরফ জমতে পারে, যার প্রভাব হতে পারে “অচল করে দেওয়ার মতো কিংবা স্থানীয়ভাবে ভয়াবহ বিপর্যয়কর”। আবহাওয়াবিদরা বলছেন, বরফে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ক্ষয়ক্ষতি অনেক ক্ষেত্রে হারিকেনের ধ্বংসযজ্ঞের সঙ্গেও তুলনীয় হতে পারে।


উত্তর ডাকোটা, দক্ষিণ ডাকোটা ও মিনেসোটায় উইন্ড চিল মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। আবহাওয়াবিদ জ্যাকব অ্যাশারম্যান সতর্ক করে বলেন, পর্যাপ্ত সুরক্ষা ছাড়া বাইরে থাকলে খুব দ্রুত হাইপোথার্মিয়ার ঝুঁকি তৈরি হতে পারে।


বরফে ঢেকে গেছে দক্ষিণাঞ্চল, তুষারে বিপর্যস্ত উত্তর-পূর্ব

দক্ষিণ লুইজিয়ানা, মিসিসিপি ও টেনেসিতে গাছের ডাল, বিদ্যুতের লাইন ও সড়কের ওপর প্রায় ২ দশমিক ৫ সেন্টিমিটার পুরু বরফের আস্তরণ জমেছে। অন্যদিকে, মধ্য-অ্যাটলান্টিক ও উত্তর-পূর্বাঞ্চলের ঘনবসতিপূর্ণ এলাকায় ৩০ সেন্টিমিটারের বেশি তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।


ডালাসে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে। হিউস্টনের মেয়র বাসিন্দাদের অন্তত ৭২ ঘণ্টা ঘরে অবস্থান করার আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে ওকলাহোমা ও আরকানসাসে ১৫ সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করা হয়েছে।


বড় এয়ারলাইনগুলোর সতর্কতা

ডেল্টা, জেটব্লু ও ইউনাইটেড এয়ারলাইনস যাত্রীদের হঠাৎ ফ্লাইট পরিবর্তনের বিষয়ে সতর্ক করেছে। ডেল্টা দক্ষিণাঞ্চলের বিমানবন্দরগুলোতে ডি-আইসিং ও ব্যাগেজ ব্যবস্থাপনায় সহায়তার জন্য বিশেষজ্ঞ দল মোতায়েন করেছে। জেটব্লু জানিয়েছে, সোমবার পর্যন্ত তারা প্রায় এক হাজার ফ্লাইট বাতিল করেছে।


বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডোমিনিয়ন এনার্জি সতর্ক করে জানায়, যদি পূর্বাভাস অনুযায়ী বরফ জমে, তবে ভার্জিনিয়ায় এটি হতে পারে ইতিহাসের অন্যতম বড় শীতকালীন দুর্যোগ, যা ইউটিলিটি পরিচালনায় ব্যাপক প্রভাব ফেলবে। উল্লেখ্য, ভার্জিনিয়ায় বিশ্বের সবচেয়ে বড় ডেটা সেন্টারগুলোর একটি অংশ অবস্থিত।


জনসাধারণকে সতর্কবার্তা

নিউইয়র্ক সিটির মেয়র জোহারান মামদানি বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। নিউ জার্সির গভর্নর মিকি শেরিল বাণিজ্যিক যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং মহাসড়কে গতি সীমা নির্ধারণ করেছেন ঘণ্টায় ৫৬ কিলোমিটার।


আবহাওয়াবিদ জ্যাকব অ্যাশারম্যান বলেন,
“এটি অত্যন্ত ভয়ংকর একটি ঝড়। তীব্রতা ও বিস্তৃতির দিক থেকে এ মৌসুমের সবচেয়ে বড় শীতঝড় এটি।”

সূত্র: রয়টার্স, আল জাজিরা

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News