যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়: প্রায় ১২ হাজার ফ্লাইট বাতিল
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, January 25, 2026
ছবি: সংগৃহীত
ভারি তুষারপাত, বরফবৃষ্টি ও তীব্র শৈত্যপ্রবাহে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় চরম বিপর্যয় নেমে এসেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটির ১৭টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহে।
সবচেয়ে বেশি ভোগান্তি দেখা যাচ্ছে আকাশপথে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার জানায়, সপ্তাহান্তজুড়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে প্রায় ১২ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার বিকেল পর্যন্ত বাতিল হয়েছে ৩ হাজার ৭০০টির বেশি ফ্লাইট, আর বিলম্বিত হয়েছে ২ হাজার ১৭৫টি।
রোববার ফ্লাইট চলাচল আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিন প্রায় ৮ হাজার ৯০টি ফ্লাইট বাতিল এবং আরও ৬৯৩টি ফ্লাইট বিলম্বিত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিকে দেশের ৩৭টি অঙ্গরাজ্যের প্রায় ১৯ কোটি মানুষ শীতকালীন আবহাওয়া সতর্কতার আওতায় রয়েছেন। রকি পর্বতমালা অঞ্চল থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় জারি রয়েছে শীতকালীন দুর্যোগ সতর্কতা।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, নিউ মেক্সিকো থেকে টেনেসি ভ্যালি পর্যন্ত এলাকায় বরফ ও বরফবৃষ্টি অব্যাহত রয়েছে। একই সঙ্গে মধ্য-পশ্চিম ও মিড-অ্যাটলান্টিক অঞ্চলে ব্যাপক তুষারপাত জনজীবনকে কার্যত অচল করে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করে বলেছে, দেশের মধ্য ও পূর্বাঞ্চলের বড় অংশজুড়ে বিপজ্জনক শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়েছে। অনেক এলাকায় উইন্ড চিল মাইনাস ২০ থেকে ৩০ ডিগ্রি ফারেনহাইটে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১০ থেকে ৪০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কমে গেছে।
তীব্র ঠান্ডার মধ্যে বিদ্যুৎ সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দেশজুড়ে ইতিমধ্যে ১ লাখ ৩২ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
নিউইয়র্ক সিটির মেয়র জোহারান মামদানি নগরবাসীকে সতর্ক করে বলেন, চলতি সপ্তাহান্তে শহরে গত আট বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হতে পারে। তিনি জানান, শনিবার মধ্যরাতের পর তুষারপাত শুরু হয়ে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সবচেয়ে বেশি তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেন, বরফ, তুষার ও বরফবৃষ্টির কারণে অন্তত ১৭টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, টেনেসি, জর্জিয়া, নর্থ ও সাউথ ক্যারোলাইনা, মেরিল্যান্ড, আরকানসাস, কেন্টাকি, লুইজিয়ানা, মিসিসিপি, ইন্ডিয়ানা, ভার্জিনিয়া ও ওয়েস্ট ভার্জিনিয়াসহ ১২টি অঙ্গরাজ্যে ফেডারেল জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা) সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, নতুন সপ্তাহে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। তবে নিউ ইংল্যান্ড ও গ্রেট লেকস অঞ্চলে তীব্র শীত ও তুষারপাত আরও কিছুদিন অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।