Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

১৬ ডিসেম্বর সফট ওপেনিং হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল: মিল্লাত

১৬ ডিসেম্বর সফট ওপেনিং হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল: মিল্লাত

ছবি: মন্ত্রণালয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর সীমিত পরিসরে (সফট ওপেনিং) চালুর পরিকল্পনা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


মন্ত্রী বলেন, একটি জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে আগামী সেপ্টেম্বরে চুক্তি সইয়ের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এ ছাড়া আগামী বছর ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট চালু এবং শিগগিরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ১০টি লিজকৃত উড়োজাহাজ যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।


আজ সকাল ৯টায় মন্ত্রণালয়ে যোগ দেন মন্ত্রী মিল্লাত। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে বরণ করে নেন। এরপর মন্ত্রণালয় ও অধীন দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।


বক্তব্যে তিনি দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং নতুন নেতৃত্বে টিম গড়ে মন্ত্রণালয়ের কাজ এগিয়ে নিতে চান তিনি। কাজের সুবিধার্থে সপ্তাহে একদিন সিভিল এভিয়েশন বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গিয়ে অফিস করার পরিকল্পনার কথাও জানান তিনি। মন্ত্রণালয় ও আওতাধীন সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দূর করাকে নিজের প্রথম কাজ হিসেবে উল্লেখ করেন তিনি।


উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ভালো কাজের জন্য পুরস্কারের পাশাপাশি খারাপ কাজের জন্য তিরস্কারেরও ব্যবস্থা থাকবে। মন্ত্রণালয়ের কাজে গতি আনতে প্রচলিত আমলাতান্ত্রিক ধারার বাইরে গিয়ে উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।


ঈশ্বরদী বিমানবন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাবনায় নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য তেজস্ক্রিয় সামগ্রী পরিবহণের সুবিধার্থে সেখানে শিগগিরই ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। যশোর বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট কমে যাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের সঙ্গে ফ্লাইট চালুর বিষয়ে কথা হয়েছে বলেও জানান তিনি। বগুড়া বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) চলছে, আর আগামী অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর ব্যাপারেও আশাবাদ জানান তিনি।


উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ আগস্ট ২০২৬ মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের মাধ্যমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকেপূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেন।



Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News