Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

২০২৬ সালের হজ-পরবর্তী ফিরতি ফ্লাইট সম্পন্ন করেছে বিমান

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, July 02, 2026
২০২৬ সালের হজ-পরবর্তী ফিরতি ফ্লাইট সম্পন্ন করেছে বিমান

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৬ সালের হজ-পরবর্তী(পোস্ট-হজ) ফিরতি ফ্লাইট কার্যক্রম সম্পন্ন করেছে। সংস্থাটি জানিয়েছে, ৩০ মে থেকে ১ জুলাই পর্যন্ত পরিচালিত পোস্ট-হজ কার্যক্রমে মোট ৩৪ হাজার ৪৬৪ জন হজযাত্রীকে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ে পরিচালিত ১০৪টি পোস্ট-হজ ফ্লাইটে ৩২ হাজার ২৫৬ জন এবং ১২টি নিয়মিত ফ্লাইটে আরও ২ হাজার ২০৮ জন হজযাত্রী দেশে ফেরেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ এপ্রিল থেকে ১ জুলাই পর্যন্ত পুরো হজ মৌসুমে বিমান নিজস্ব সক্ষমতা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে সফলভাবে হজ ফ্লাইট পরিচালনা করেছে, যা সংস্থাটির পরিচালনাগত সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।


হজ কার্যক্রমে বিমান মাত্র ৩৬টি ডেডিকেটেড চার্টার্ড ফ্লাইট এবং ১৬৮টি নিয়মিত ফ্লাইটের সমন্বয়ে সম্পূর্ণ অপারেশন পরিচালনা করেছে। এর ফলে অতিরিক্ত এক হাজার ৩০০ টনের বেশি কার্গো এবং প্রায় ২৩ হাজার ৫০০ সাধারণ যাত্রী পরিবহন সম্ভব হয়েছে বলে জানানো হয়।


সংস্থাটির দাবি, পুরো হজ মৌসুমে কোনো উল্লেখযোগ্য ফ্লাইট বাতিল বা কাঠামোগত সময়সূচি পরিবর্তন ছাড়াই লন্ডন, কুয়ালালামপুর ও মধ্যপ্রাচ্যসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।


এছাড়া নিজস্ব হজযাত্রী পরিবহনের পাশাপাশি ঢাকা বিমানবন্দরে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং এবং যাত্রীসেবা প্রদানকারী এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছে বিমান।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বৃহৎ কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন করতে প্রতিষ্ঠানের এক হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীর সমন্বিত প্রচেষ্টা, দক্ষতা এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিবিড় তত্ত্বাবধান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ফলে অতীতের হজ মৌসুমে দেখা দেওয়া দীর্ঘ ফ্লাইট বিলম্ব বা মালপত্র জটের মতো সমস্যাও এ বছর কার্যত দেখা যায়নি।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রী, অংশীদার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও আরও নিরাপদ, সময়নিষ্ঠ ও উন্নত সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News