৩ গুরুত্বপূর্ণ ব্যক্তি যুক্ত হলেন বিমানের পরিচালনা পর্ষদে
ফাইল ছবি
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের পরিচালনা পর্ষদে অন্তর্বর্তী সরকারের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন—জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ বিমান আইন, ২০২৩-এর ধারা ৩০ (বি) অনুযায়ী জনস্বার্থে তাঁদের বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
উল্লেখ্য, বিমানের পরিচালনা পর্ষদ সংস্থাটির নীতিনির্ধারণ, আর্থিক তদারকি এবং দীর্ঘমেয়াদি কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংশ্লিষ্ট মহলের ধারণা, অন্তর্বর্তী সরকারের শীর্ষপর্যায়ের এই তিন কর্মকর্তার যুক্ত হওয়ায় বিমানের প্রশাসনিক সক্ষমতা ও নীতিগত সমন্বয় আরও শক্তিশালী হবে।