সংবাদ বিজ্ঞপ্তি
৩০ হাজার টাকা ঘুষ দাবি প্রবাসীর ভিডিও ভাইরাল বিষয়ে ক্যাব এর বিবৃতি
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, December 13, 2025
ছবি: সংগৃহীত
সৌদি এয়ারলাইন্সের নির্ধারিত যাত্রার সময় ছিল ১২২৫ ঘটিকা। আন্তর্জাতিক নিয়মানুযায়ী ১১২৫ ঘটিকায় চেক ইন কাউন্টার ক্লোজ হওয়ার কথা থাকলেও যাত্রী সেবার কথা বিবেচনায় রেখে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ ১১৩০ ঘটিকায় কাউন্টার ক্লোজ করেন।
উক্ত ফ্লাইটের যাত্রী মো: শাহ আলম ঢাকায় হতে রিয়াদ এ যাওয়ার উদ্দেশ্যে ১১২৮ ঘটিকায় হেভি লাগেজ গেটে-০১ দিয়ে প্রবেশ করে এবং ১১৩১ ঘটিকায় রো-ই তে নির্ধারিত সময় (১১২৫ ঘটিকা) এর ০৬ মিনিট পরে কাউন্টারে উপস্থিত হয়।
পরবর্তীতে সৌদি এয়ারলাইন্স লোড কনফার্ম করা হয়ে গেছে বিধায় উক্ত যাত্রীর চেকিং সম্ভব নয় বলে যাত্রীকে জানান এবং পরবর্তী এভেলেবেল ফ্লাইট এর জন্য টিকেট রি-শিডিউল করতে সৌদি এয়ারলাইনসের অফিসে পাঠান। উল্লেখ্য যে, সৌদি এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী এসব ক্ষেত্রে ৮০০ রিয়াল জরিমানা করা হয় এবং নতুন সিটের জন্য খালি থাকা সাপেক্ষে সিটের শ্রেণী অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়। এজন্য উক্ত যাত্রীর কাছে ৩৩ হাজার টাকা টিকিট রি শিডিউলিং চার্জ হিসেবে চাওয়া হয়। পরবর্তীতে অফিস থেকে উক্ত যাত্রী ১১৪২ ঘটিকায় ফেরত এসে কাউন্টারে ১১৪৫ ঘটিকায় ভিডিও শুরু করেন এবং ঐ জায়গায় হট্টগোল শুরু করেন।
যাত্রী উত্তেজিত হয়ে যাওয়ায় ঘটনাস্থলে উপস্থিত এভসেক সদস্যগণ যাত্রীকে বোঝানোর চেষ্টা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর এভসেক সদস্য এবং সৌদি এয়ারলাইন্সের সহযোগিতায় ৩৪,৩৩২ টাকা পরিশোধ সাপেক্ষে উক্ত যাত্রী অদ্য ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখের SV-807 এ টিকেট রি শিডিউল করেন। সবশেষে উনি ১৩১৯ ঘটিকায় স্টাফ বহির্গমন গেট দিয়ে বের হয়ে যান। আজ ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে সম্মানিত যাত্রী মো: শাহ আলম SV-807 যোগে জেদ্দার উদ্দেশ্যে আনুমানিক ১৩০০ ঘটিকায় ঢাকা ত্যাগ করেন।
“সম্মানিত যাত্রী সর্বাগ্রে”—এই মূলমন্ত্রকে ধারণ করে সম্মানিত যাত্রীসেবার মান নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সর্বদা বদ্ধপরিকর।