Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

গ্রাউন্ড ইকুইপমেন্টে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

গ্রাউন্ড ইকুইপমেন্টে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা


গ্রাউন্ড অপারেশনের সক্ষমতা বাড়াতে প্রায় ২২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এয়ারলাইন্সটি জানায়, এ জন্য ইতিমধ্যে ১২ মিলিয়ন ডলারের ঋণপত্র (এলসি) খোলা হয়েছে।


এয়ারলাইন্সটি বলছে, বহর বড় হওয়ার সঙ্গে তাল মিলিয়ে ফ্লাইটের সময়ানুবর্তিতা বাড়ানো ও আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাই এ বিনিয়োগের লক্ষ্য।


বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউএস-বাংলার এখন প্রায় ৫৯০টি গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট আছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে আরও ১৪৬টি সরঞ্জাম যুক্ত হবে। নতুন সরঞ্জামের মধ্যে থাকবে উড়োজাহাজ পুশব্যাক ট্রাক্টর ও টোবার, ব্যাগেজ বেল্ট লোডার, ব্যাগেজ ট্রাক্টর, যাত্রীদের ওঠানামার সিঁড়ি, গ্রাউন্ড পাওয়ার ইউনিট, এয়ার স্টার্ট ইউনিট, ক্যাটারিং ট্রাক এবং পানি ও ল্যাভাটরি সার্ভিস ট্রাক। এ ছাড়া র্যাম্পের কাজে ব্যবহৃত আরও নানা সরঞ্জাম আসবে।


পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি ইলেকট্রিক ভেহিকেল চালানোর পরিকল্পনা করেছে এয়ারলাইন্সটি। সরকারের ইলেকট্রিক ভেহিকেল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসির সঙ্গে সামঞ্জস্য রেখে এ পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে তারা। গাড়িগুলোর চার্জিং অবকাঠামো স্থাপনের কাজ চলছে।


এয়ারলাইন্সটির দাবি, অবকাঠামো তৈরি হলে এসব গাড়ি ব্যবহারের মাধ্যমে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা এবং স্থানীয় পর্যায়ে কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে।


ইউএস-বাংলা জানায়, তাদের বহরে এখন ২৫টি উড়োজাহাজ আছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে আরও ২১টি বোয়িং ৭৩৭ সিরিজের উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চালায় এয়ারলাইন্সটি। এর সঙ্গে প্রায় ১৬টি নতুন আন্তর্জাতিক গন্তব্য যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম ও সিলেটে আঞ্চলিক হাব গড়ার পরিকল্পনার অংশ হিসেবেও গ্রাউন্ড সাপোর্ট বাড়ানো হচ্ছে বলে জানায় তারা।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণসহ বিমানবন্দর আধুনিকায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের সঙ্গে সমন্বয় রেখে এয়ারলাইন্সটি তাদের সক্ষমতা বাড়াচ্ছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News