১৫ বছরে ১৩০ কোটির বেশি যাত্রী বহন করেছে বোয়িং ৭৮৭
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, November 17, 2026
ছবি- বোয়িং
বাণিজ্যিকভাবে যাত্রা শুরুর ১৫ বছরে ১৩০ কোটির বেশি যাত্রী পরিবহন করেছে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। ২০১১ সালের ২৬ অক্টোবর প্রথম যাত্রা শুরু করা উড়োজাহাজটি এ সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন এয়ারলাইনসকে ৫৫০টির বেশি নতুন সরাসরি ফ্লাইট রুট চালুর সুযোগ করে দিয়েছে।
গত ১২ নভেম্বর উড়োজাহাজটির ১৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং।
বোয়িং জানিয়েছে, ৭৮৭ ড্রিমলাইনার এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হওয়া যাত্রীবাহী ওয়াইডবডি উড়োজাহাজ। ৯১টি গ্রাহক প্রতিষ্ঠানের কাছ থেকে এ উড়োজাহাজের ২ হাজার ৪৫০টির বেশি অর্ডার পেয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে বিশ্বের ৫৩০টির বেশি গন্তব্যে চলাচল করছে ড্রিমলাইনার।
বোয়িংয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৪ হাজার থেকে ৮ হাজার নটিক্যাল মাইল দূরত্বের দীর্ঘপাল্লার ফ্লাইটের ২৮ শতাংশ পরিচালিত হয়েছে ৭৮৭ উড়োজাহাজ দিয়ে। এর মাধ্যমে লন্ডন-পার্থ, ডালাস-মেলবোর্ন ও অকল্যান্ড-নিউইয়র্কের মতো দীর্ঘ দূরত্বের সরাসরি রুটেও চলাচল করছে উড়োজাহাজটি।
বোয়িং ৭৮৭-এর প্রথম গ্রাহক ছিল জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ)। ২০১১ সালের ২৬ অক্টোবর টোকিওর নারিতা বিমানবন্দর থেকে হংকংয়ে একটি চার্টার্ড ফ্লাইট পরিচালনার মাধ্যমে উড়োজাহাজটির যাত্রা শুরু হয়।
এএনএর পরিচালক ও ৭৮৭ ফ্লিট প্রধান শিনিচিরো ওয়া বলেন, ড্রিমলাইনারের দীর্ঘপাল্লার সক্ষমতা ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির কারণে আগে অলাভজনক মনে করা হতো, এমন মাঝারি আকারের বাজারেও সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হয়েছে।
বোয়িং জানিয়েছে, এএনএর বহরে বর্তমানে ৯২টি ড্রিমলাইনার রয়েছে। এটি এয়ারলাইনসটির মোট উড়োজাহাজের প্রায় ৪০ শতাংশ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১১ সাল থেকে ড্রিমলাইনারের নির্ভরযোগ্যতা বাড়াতে ৫০০টির বেশি প্রকল্প বাস্তবায়ন করেছে বোয়িং। উড়োজাহাজটির সর্বোচ্চ উড্ডয়ন ওজন বাড়ানো, কেবিনের আধুনিকায়ন এবং ককপিটের উন্নয়নসহ বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে।
এদিকে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে বর্তমানে ছয়টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার রয়েছে।
২০২৬ সালে বোয়িংয়ের সঙ্গে মোট ২৫টি উড়োজাহাজ কেনার দুটি চুক্তি চূড়ান্ত করেছে বিমান। এর মধ্যে ১৫টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এবং ১০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ রয়েছে। আগামী ১০ বছরে এসব উড়োজাহাজ সরবরাহ সম্পন্ন হলে বিমানের ড্রিমলাইনারের সংখ্যা ছয় থেকে বেড়ে ২১টিতে দাঁড়াবে।
সূত্র: বোয়িং