Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

নিরাপত্তাঝুঁকিতে এটিআরের ৪২/৭২, পরিদর্শনের সময় কমল

ডেস্ক রিপোর্ট | Published: Tuesday, November 17, 2026
নিরাপত্তাঝুঁকিতে এটিআরের ৪২/৭২, পরিদর্শনের সময় কমল

এটিআর ৪২-৫০০ ও এটিআর ৭২-২১২এ মডেলের কিছু উড়োজাহাজের পরিদর্শনের সময়সীমা কমিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ)। উড়োজাহাজগুলোর অনুভূমিক স্ট্যাবিলাইজারে ঢিলা ফাস্টেনার ও ফাটল পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


গত ১২ নভেম্বর এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে ইএএসএ। আগামী ২৬ নভেম্বর থেকে এটি কার্যকর হবে। এফএল৩৬০এরোর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


নতুন নির্দেশনা অনুযায়ী, উড়োজাহাজের দুটি গ্রুপের পরিদর্শনের সময়সীমা ২৪ মাস থেকে কমিয়ে ২০ মাস করা হয়েছে। গ্রুপ ২ ও ৩-এর ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য। এ দুই গ্রুপের উড়োজাহাজের পরিদর্শনের শেষ সময় ২০২৭ সালের ২৮ জানুয়ারি। তবে গ্রুপ ১-এর জন্য ২৪ মাসের সময়সীমা বহাল রাখা হয়েছে।


ইএএসএ জানিয়েছে, ত্রুটিগুলো সময়মতো শনাক্ত না হলে উড়োজাহাজের কাঠামোগত নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এ নির্দেশনার কারণে সব এটিআর ৪২ ও এটিআর ৭২ উড়োজাহাজের চলাচল বন্ধ হবে না। নির্মাতা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সার্ভিস বুলেটিনে সিরিয়াল নম্বর উল্লেখ করা উড়োজাহাজগুলোর ক্ষেত্রে এটি কার্যকর হবে।


নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট উড়োজাহাজগুলোতে একবার বিস্তারিত পরিদর্শন করতে হবে। এতে উড়োজাহাজের সামনের অংশ, কেন্দ্রীয় বক্স এবং বিভিন্ন কাঠামোগত অংশ পরীক্ষা করা হবে। পরিদর্শনে কোনো ত্রুটি পাওয়া গেলে পরবর্তী ফ্লাইটের আগে মেরামতের নির্দেশনা নিতে এটিআরের সঙ্গে যোগাযোগ করতে হবে।


আগে জারি করা নির্দেশনা অনুযায়ী যেসব উড়োজাহাজের পরিদর্শন সম্পন্ন হয়েছে, সেগুলোকে ইএএসএ গ্রহণ করবে। ফলে নতুন নির্দেশনা জারির কারণে আবার পরিদর্শনের প্রয়োজন হবে না।


এ সমস্যার সূত্রপাত ২০২৩ সালে। ওই বছরের ২২ জুন ঢিলা ফাস্টেনার ও ফাটলের তথ্য পাওয়ার পর প্রথম নির্দেশনা জারি করে ইএএসএ। পরে ২০২৫ সালের মে মাসে পরিদর্শন কার্যক্রম বাড়ানো হয়।


এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ২০২৩ সালে এ বিষয়ে নির্দেশনা জারি করে। সম্প্রসারিত পরিদর্শন কার্যক্রম অন্তর্ভুক্ত করতে ২০২৬ সালের ৪ মে আরও একটি নির্দেশনার প্রস্তাব দেয় সংস্থাটি।


ইএএসএর অনুসন্ধানে উৎপাদনপ্রক্রিয়ার সম্ভাব্য ত্রুটির কারণে আরও কিছু উড়োজাহাজের অনুভূমিক টেইলপ্লেন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এটিকে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি হিসেবে দেখা হচ্ছে, ব্যাপক কাঠামোগত ত্রুটির প্রমাণ হিসেবে নয়।


সূত্র: এফএল৩৬০এরো

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News