Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বাংলাদেশ-সৌদি পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক

বাংলাদেশ-সৌদি পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক

পরিবহন, লজিস্টিকস ও বন্দর উন্নয়ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও সৌদি আরব আজ উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেছে।


সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকসবিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ বিন মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বন্দর অবকাঠামো উন্নয়ন, নৌপরিবহন, লজিস্টিকস ব্যবস্থার আধুনিকায়ন, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, দক্ষতা ও প্রযুক্তি বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


নৌপরিবহনমন্ত্রী বাংলাদেশের সামুদ্রিক খাতে চলমান উন্নয়ন কর্মকাণ্ড, চট্টগ্রাম ও মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, বে-টার্মিনালসহ বিভিন্ন মেগা প্রকল্প এবং বিদেশি বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস খাতে বিনিয়োগের জন্য সৌদি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।


ড. রুমাইহ বিন মোহাম্মদ আল-রুমাইহ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং সামুদ্রিক পরিবহন খাতের উন্নয়নের প্রশংসা করেন। তিনি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে পরিবহন ও লজিস্টিকস খাতে সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন।


বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন আবিয়াহ এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বৈঠকের শেষে উভয় পক্ষ ভবিষ্যতে আরও জোরালো দ্বিপক্ষীয় সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ-সৌদি আরবের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News